রাজধানীর কল্যাণপুরে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী রয়েছেন।
বুধবার (৪ নভেম্বর) সকাল ৭টা ৩৮ মিনিটের দিকে কল্যাণপুরের উত্তরপাড়ার নবাবের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রাথমিকভাবে জানা গেছে, দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা লেগুনার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চারজন প্রাণ হারান।
দুর্ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেন। এ ঘটনায় নতুন করে কোনো আহত হওয়ার খবর পাওয়া যায়নি।