November 13, 2026, 7:38 pm

বাংলাদেশের শ্রমিক আন্দোলন ঘিরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ভারত

বাংলাদেশে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলন ও সার্বিক পরিস্থিতির ওপর ভারত নিবিড় নজর রাখছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত পাক্ষিক সংবাদ সম্মেলনে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানায়, বাংলাদেশে চলমান ঘটনাবলি পর্যবেক্ষণের কথা উল্লেখ করে জয়সওয়াল বলেন, ভারত একটি ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে চায়।

বাংলাদেশে ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন মঙ্গলবার চতুর্থ দিনে গড়ায়। এদিন সকালে রাজধানীর মিরপুরে কয়েকটি কারখানা আংশিক চালু হলে শ্রমিকরা সড়কে নেমে বিক্ষোভ করেন। এতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়।

সংবাদ সম্মেলনে গঙ্গার পানি বণ্টনসহ আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনা নিয়েও কথা বলেন জয়সওয়াল। তিনি জানান, এসব বিষয়ে আলোচনা ভারত ও বাংলাদেশের যৌথ নদী কমিশনের মাধ্যমে পরিচালিত হবে।

এ ছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানানোর বিষয়টি পুনর্ব্যক্ত করেন তিনি। জয়সওয়াল বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য ভারতের পক্ষ থেকে আমন্ত্রণ রয়েছে। এ বিষয়ে নতুন কোনো তথ্য থাকলে জানানো হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা