November 3, 2026, 5:16 pm

জামালপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও ৬ জুয়াড়ি আটক

জামালপুরে পৃথক অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী ও ছয় জুয়াড়িকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-২)।

গত ২৪ ঘণ্টায় জেলার ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

ডিবি-২ সূত্রে জানা গেছে, ইসলামপুর উপজেলার নাপিতেরচর এলাকার কদমতলী ব্রিজের ওপর অভিযান চালিয়ে মো. আরফান আলী (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার মৃত জব্বর আলীর ছেলে।

অন্যদিকে, দেওয়ানগঞ্জ উপজেলার ঝালুরচর এলাকায় বাবু মিয়ার (৩১) আধাপাকা বাড়ির দক্ষিণ পাশের একটি কক্ষে অভিযান চালিয়ে জুয়া খেলার অভিযোগে ছয়জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন বাবু মিয়া, বাবুল মিয়া, আবদুর রশিদ (৩৮), কমল মিয়া (৪৫), সাগর আলী (৫৪) ও তরিকুল ইসলাম। তাঁরা সবাই দেওয়ানগঞ্জ উপজেলার ঝালুরচর এলাকার বাসিন্দা।

জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনের নির্দেশনায় এবং দেওয়ানগঞ্জ সার্কেলের তত্ত্বাবধানে ডিবি-২-এর একটি দল পৃথক অভিযান পরিচালনা করে।

ডিবি-২-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজিব রহমান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

নিজস্ব প্রতিনিধি:

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা