জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরগুনার আমতলীতে ৩৬ জন তরুণ-তরুণীকে নিয়ে একটি অংশগ্রহণমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) আমতলী সোনালী কমিউনিটি সেন্টারে ‘ইনক্লুসিভ ইন্টারেক্টিভ ক্যাপাসিটি বিল্ডিং ডিসকাশনস’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন তন্নী জুলিয়া ও আরিফুল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা হায়াতুজ্জামান মিরাজ মৃধা, উপদেষ্টা আলহাজ্ব মোঃ তারিকুল ইসলাম (টারজন), প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ, অর্থ সম্পাদক আলামিন, সিনিয়র সদস্য শাকিল ও রাকিবুল হাসানসহ সংগঠনের অন্যান্য সদস্য এবং অংশগ্রহণকারী তরুণ-তরুণীরা।
কর্মশালায় লিঙ্গভিত্তিক সামাজিক বৈষম্য ও প্রচলিত ধারণা, সাইবার নিরাপত্তা, ডিজিটাল মাধ্যমে দায়িত্বশীল আচরণ, গণমাধ্যম সম্পর্কে সচেতনতা এবং সামাজিক অ্যাডভোকেসির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি অনলাইনে নিরাপদ থাকা, ভুল তথ্য ও গুজব শনাক্ত করা এবং সামাজিক সমস্যা মোকাবিলায় তরুণদের কার্যকর ভূমিকা রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
আলোচনার পাশাপাশি বিভিন্ন অংশগ্রহণমূলক সেশনে তরুণ-তরুণীরা নিজেদের মতামত, অভিজ্ঞতা ও ভাবনা তুলে ধরেন। এসব সেশনে নারী-পুরুষের সমান অধিকার, বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তোলা এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনে তরুণদের নেতৃত্বের গুরুত্ব বিশেষভাবে উঠে আসে।
আয়োজকরা জানান, তরুণদের শুধু সামাজিক সমস্যা সম্পর্কে সচেতন করাই এ কর্মশালার উদ্দেশ্য নয়; বরং তাদের সমস্যা চিহ্নিত করা, দায়িত্বশীলভাবে নিজেদের মতামত প্রকাশ করা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কার্যকর উদ্যোগ গ্রহণের সক্ষমতা তৈরি করাও এর অন্যতম লক্ষ্য।
উল্লেখ্য, ‘সমতায় তারুণ্য’ উদ্যোগের আওতায় আয়োজিত এ কার্যক্রমটি নেদারল্যান্ডস সরকারের অর্থায়নে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল ও জাগো ফাউন্ডেশনের যৌথ অংশীদারত্বে পরিচালিত হচ্ছে। এ উদ্যোগের মূল লক্ষ্য তরুণ-তরুণীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে জেন্ডার সমতা, অধিকার সচেতনতা ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখা।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের কর্মশলার মাধ্যমে আমতলীর তরুণ প্রজন্ম আরও সচেতন, দায়িত্বশীল ও মানবিক হয়ে উঠবে এবং সমাজ পরিবর্তনে ইতিবাচক নেতৃত্ব দেবে।
মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি: