November 2, 2026, 7:59 pm

কক্সবাজারে জঙ্গলে মিললো রোহিঙ্গা যুবকের মরদেহ

কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের নুনিয়ারছড়া এলাকার গহীন জঙ্গল থেকে অপহরণের ১০ দিন পর এক রোহিঙ্গা যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় তার মাথা ও দেহ আলাদা অবস্থায় পাওয়া গেছে।
সোমবার (২ নভেম্বর) বিকেলে স্থানীয় লোকজনের দেওয়া তথ্যের ভিত্তিতে উখিয়া থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে। খবর পেয়ে নিহত ব্যক্তির পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে হাজির হন।

নিহত যুবকের নাম মুজিবুর রহমান (৩২)। তিনি উখিয়ার বালুখালী ৮-ইস্ট রোহিঙ্গা আশ্রয়শিবিরের এ-৬ ব্লকের বাসিন্দা।

পরিবারের অভিযোগ, গত ২৩ অক্টোবর পালংখালী এলাকায় একটি টমটমের গতিরোধ করে অস্ত্রের ভয় দেখিয়ে মুজিবুর রহমানকে অপহরণ করা হয়। পরে অপহরণকারীরা মুঠোফোনে যোগাযোগ করে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়।

এ ঘটনায় মুজিবুর রহমানের স্ত্রী উখিয়া থানায় অভিযোগ করেন। অভিযোগে সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। অপহরণ, মুক্তিপণ দাবি ও হত্যার অভিযোগ তদন্ত করছে পুলিশ।

উখিয়া থানার ওসি আতিকুর রহমান বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা