November 3, 2026, 8:37 am

এইচএসসিতে পাসের হার ২২.৭৮%, শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ করল কলেজ

এইচএসসি পরীক্ষায় আশানুরূপ ফল না হওয়ায় শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়াতে স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করেছে চট্টগ্রামের রাউজানের ইমাম গাজ্জালী ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ। একই সঙ্গে নির্ধারিত পোশাক ও পরিচয়পত্র ছাড়া কলেজ ক্যাম্পাসে প্রবেশেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য এসব নির্দেশনা কার্যকর হয়েছে। গত সোমবার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. আবদুল জব্বার চৌধুরী স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাটন ফোন ছাড়া অন্য কোনো স্মার্টফোন শিক্ষার্থীদের কাছে পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া নির্ধারিত পোশাক ও পরিচয়পত্র ছাড়া কাউকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না।

কলেজ সূত্রে জানা গেছে, চলতি বছরের এইচএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটির ৩৬০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন মাত্র ৮২ জন। পাসের হার ২২ দশমিক ৭৮ শতাংশ। কেউ জিপিএ-৫ পাননি। রাউজান উপজেলার ১৩টি কলেজের মধ্যে পাসের হারে প্রতিষ্ঠানটির অবস্থান ১২তম।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল জব্বার চৌধুরী বলেন, শিক্ষার্থীদের স্মার্টফোনের প্রতি অতিরিক্ত আসক্তি পরীক্ষার খারাপ ফলের অন্যতম কারণ। অনেকেই শ্রেণিকক্ষে পড়াশোনার পরিবর্তে মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকে। এ কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ ফেরাতে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, গত সোমবার একাদশ শ্রেণির ক্লাস থেকে ২৫টি স্মার্টফোন জব্দ করা হয়েছে। শিক্ষার্থীরা নিয়মিত বই নিয়ে ক্লাসে এলে জব্দ করা ফোনগুলো তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হবে।

অধ্যক্ষের ভাষ্য, নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদেরও মূল পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ায় ফল বিপর্যয়ের পেছনে ভূমিকা রয়েছে। স্থানীয় রাজনৈতিক নেতাদের চাপের কারণে এ ধরনের সিদ্ধান্ত নিতে হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

কলেজের নির্দেশনা অনুযায়ী, ছাত্রদের সাদা শার্ট ও কালো প্যান্ট এবং ছাত্রীদের সাদা থ্রি-কোয়ার্টার অ্যাপ্রোন, সাদা সালোয়ার-কামিজ ও সাদা ওড়না পরতে হবে। তবে বোরকা পরিহিত ছাত্রীদের ক্ষেত্রে ইউনিফর্মের শর্ত শিথিলযোগ্য।

কলেজের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অভিভাবক ও সচেতন নাগরিকদের অনেকে। অ্যাডভোকেট ফরহাদ উদ্দিন বলেন, স্মার্টফোনের অপব্যবহার কমাতে এ উদ্যোগ ইতিবাচক। তবে শুধু নিষেধাজ্ঞা নয়, শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা ও আত্মনিয়ন্ত্রণের চর্চা গড়ে তোলাও জরুরি।

১৯৬৯ সালে প্রতিষ্ঠিত ইমাম গাজ্জালী ডিগ্রি কলেজটি রাউজানের পাহাড়তলী ইউনিয়নে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সামনে অবস্থিত। সংশ্লিষ্টদের মতে, শিক্ষার মান উন্নয়নে প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি পাঠদানের মানোন্নয়ন, নিয়মিত মূল্যায়ন ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থাও প্রয়োজন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা