বকেয়া বেতন পরিশোধ ও ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে জেলার নাওজোর এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে চন্দ্রাপল্লী বিদ্যুৎ মোড়সহ বিভিন্ন স্থানে জড়ো হওয়ার চেষ্টা করেন আন্দোলনকারী শ্রমিকরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে শ্রমিকরা নাওজোর এলাকায় গিয়ে মহাসড়ক অবরোধ করেন।
শ্রমিকরা গত দুই সপ্তাহ ধরে গাজীপুরের বিভিন্ন এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছেন। তাদের দাবির মধ্যে রয়েছে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বহাল এবং আন্দোলনকারীদের কালো তালিকাভুক্তি বন্ধ করা।
এর আগে সোমবারও সাভার, গাজীপুর ও রাজধানীর মিরপুর এলাকায় শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।