November 1, 2026, 10:37 am

অনুমতি না মেলায় সেন্টমার্টিনে শুরু হয়নি পর্যটকবাহী জাহাজ চলাচল

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী রোববার (১ নভেম্বর) থেকে সেন্টমার্টিনে পর্যটকদের যাতায়াত শুরুর কথা থাকলেও অনুমতি না মেলায় চালু হয়নি জাহাজ চলাচল। প্রয়োজনীয় কাগজপত্র ও বিভিন্ন সংস্থার ছাড়পত্র না পাওয়ায় কোনো জাহাজকে চলাচলের অনুমতি দেয়নি কক্সবাজার জেলা প্রশাসন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পর্যাপ্ত কাগজপত্র জমা দিতে না পারায় এখন পর্যন্ত কোনো জাহাজ চলাচলের অনুমতি পায়নি। পাশাপাশি পর্যটকদের তথ্য সংরক্ষণের জন্য বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের নির্ধারিত সফটওয়্যারও পুরোপুরি প্রস্তুত হয়নি।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমান সায়েম জানান, আগামী বুধবার জেলা প্রশাসক সেন্টমার্টিন দ্বীপে গিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠক করবেন। এরপর জাহাজ চলাচলের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বলেন, জাহাজ চলাচলের জন্য পরিবেশ মন্ত্রণালয়ের ছাড়পত্র, নৌপরিবহন অধিদপ্তরের অনুমোদন, বিআইডব্লিউটিএর রুট পারমিট এবং জেলা প্রশাসনের অনুমতি প্রয়োজন। এসব প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি। তবে বৃহস্পতি বা শুক্রবার থেকে জাহাজ চলাচল শুরুর প্রস্তুতি রয়েছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, জাহাজের ফিটনেস ও নিরাপত্তা নিশ্চিত করেই চলাচলের অনুমতি দেওয়া হবে। জাহাজ মালিকদের সঙ্গে বৈঠকের মাধ্যমে চলাচলের নির্দিষ্ট তারিখ চূড়ান্ত করা হতে পারে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা