October 31, 2026, 9:39 am

রূপপুরের দ্বিতীয় ইউনিটে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য ইউরেনিয়ামের চতুর্থ চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ৭টা ১৭ মিনিটে সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় তিনটি লরিতে করে জ্বালানি প্রকল্পে নেওয়া হয়।

এর আগে শুক্রবার (৩০ অক্টোবর) রাশিয়া থেকে বিশেষ ফ্লাইটে ইউরেনিয়ামের চালানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে রাত ৩টার দিকে তিনটি লরিতে করে তা রূপপুরের উদ্দেশে পাঠানো হয়।

পুলিশ ও প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, জ্বালানি পরিবহনের সময় সড়কপথে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। সেনাবাহিনীর পাশাপাশি এসআরবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে ছিলেন। এ সময় মহাসড়কের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়। যানজট এড়াতে সাময়িকভাবে ভারী যানবাহন চলাচলও বন্ধ রাখা হয়।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গোতে মোট ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে শনিবার চতুর্থ চালানটি প্রকল্পে পৌঁছাল। এ ছাড়া প্রথম ইউনিটে জ্বালানি পুনঃস্থাপনের জন্য দুটি কার্গোতে আরও ৪৮টি অ্যাসেম্বলি আনা হবে।

আগামী নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে রাশিয়া থেকে আরও সাতটি ফ্লাইটে ইউরেনিয়াম দেশে আসার কথা রয়েছে।

এর আগে ২০২৩ সালের ২৯ সেপ্টেম্বর প্রথম ইউনিটের জ্বালানি দেশে পৌঁছায়। পরবর্তী সময়ে আরও চারটি চালানে জ্বালানি রূপপুরে নেওয়া হয়। চলতি বছরের মে মাসে প্রথম ইউনিটের পারমাণবিক চুল্লিতে জ্বালানি স্থাপন করা হয়। ব্যবহৃত জ্বালানির এক-চতুর্থাংশ পরিবর্তনের প্রস্তুতির অংশ হিসেবে গত ৩ অক্টোবর অতিরিক্ত জ্বালানির একটি চালানও প্রকল্পে আনা হয়।

অন্যদিকে, দ্বিতীয় ইউনিটের দ্বিতীয় চালান ২১ অক্টোবর এবং তৃতীয় চালান ২৭ অক্টোবর প্রকল্প এলাকায় পৌঁছায়।

চুক্তি অনুযায়ী, প্রথম তিন বছর রাশিয়া রূপপুরের জন্য পারমাণবিক জ্বালানি সরবরাহ করবে। এরপর নির্ধারিত সময় পরপর বাংলাদেশকে জ্বালানি আমদানি করতে হবে। বিদ্যুৎকেন্দ্রটির দুটি ইউনিটের মোট উৎপাদনক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট।

এদিকে, শুক্রবার (৩০ অক্টোবর) রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে কেন্দ্রটির বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা