October 30, 2026, 6:48 pm

কারাবন্দী স্বামীকে ছাড়ানোর আশ্বাসে নারীকে ধর্ষণচেষ্টা, যুবদল নেতার ভিডিও ভাইরাল

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কারাগারে থাকা স্বামীকে ছাড়িয়ে আনার আশ্বাস দিয়ে এক নারীকে (৪৫) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ওই নারীর করা একটি ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার রাতে ওই নারী হযরত আলী মণ্ডলকে (৩৮) নামের ওই নেতাকে আসামি করা ফুলবাড়িয়া থানায় মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ওই থানার ওসি মোহাম্মদ রাশেদুল হাসান।

অভিযুক্ত হযরত আলী উপজেলার একটি ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক। তিনি ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রচারও চালাচ্ছেন।

মামলার বরাতে পুলিশ জানায়, মারামারির একটি মামলায় ১৪ সেপ্টেম্বর ওই নারীর স্বামী গ্রেপ্তার হয়ে কারাগারে যান। এরপর স্বামীকে ছাড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ওই নারীর বাড়িতে যাতায়াত শুরু করেন হযরত আলী। ২০ অক্টোবর বেলা ১১টার দিকে তিনি ওই নারীর বাড়িতে গিয়ে তাকে কুপ্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় তাকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যান হযরত আলী।

ভুক্তভোগী নারী বলেন, স্বামীকে কারাগার থেকে ছাড়িয়ে আনার কথা বলে হযরত আলী নিয়মিত তাদের বাড়িতে আসতেন। ঘটনার দিনও তিনি কয়েকবার আসেন। স্বামীকে ছাড়িয়ে দেওয়ার কথা বলে তাকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টাও করেছিলেন। রাজি না হওয়ায় ঘরে ঢুকে তাকে জাপটে ধরে বিছানায় ফেলে দেন।

ওই নারী বলেন, নিজের নিরাপত্তার কথা ভেবে আগে থেকেই মোবাইলের ভিডিও চালু রেখেছিলেন। কোনো দুর্ঘটনা ঘটলে যাতে প্রমাণ থাকে, সে জন্যই ভিডিওটি করেন। পরে সেটি ফেইসবুকে ছড়িয়ে পড়ে।

স্বামীকে একটি মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে দাবি করেন ওই নারী। তিনি বলেন, স্বামীকে ছাড়িয়ে আনতে তিনি বিভিন্ন জায়গায় ঘুরেছেন। পরে আইনজীবীর মাধ্যমে গত সোমবার তার স্বামীর জামিন হয়। অভিযুক্ত হযরত আলীর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন তিনি। হযরত আলী হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন ওই নারী।

এ বিষয়ে ফুলবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, ছড়িয়ে পড়া ভিডিওতে ওই নারীকে ধর্ষণের চেষ্টার দৃশ্য দেখা গেছে। এ ঘটনায় মামলা হয়েছে। হযরত আলী পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে হযরত আলীর মোবাইলে কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

ফেসবুকে হযরত আলীর একটি ভিডিও দেখেছেন ফুলবাড়িয়া উপজেলা যুবদলের সভাপতি কামরুজ্জামান মীর আজাদ। এ বিষয়ে তিনি বলেন, বিষয়টি নিয়ে জেলা ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা