October 17, 2026, 8:05 pm

হরতাল-অবরোধে দেশ অচলের চেষ্টাকারীদের সঙ্গে বিরোধী দলের সখ্যতা: এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি: অতীতে দিনের পর দিন হরতাল-অবরোধ দিয়ে দেশকে অচল করার চেষ্টা করা ব্যক্তিরাই বর্তমান বিরোধী দলের রাজনৈতিক সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

শুক্রবার (১৬ অক্টোবর) রাতে লক্ষ্মীপুর পৌর শহরের শাঁখারিপাড়ার ত্রিনয়নী পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজার শুভ সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এ্যানি বলেন, অতীতে দেশে ১৭১ দিন, ৭২ দিন কিংবা ৭৩ দিন পর্যন্ত একটানা হরতাল হয়েছে। যারা এসব কর্মসূচির মাধ্যমে দেশ অচল করার চেষ্টা করেছিল, বর্তমান বিরোধী দল ঘুরিয়ে-ফিরিয়ে তাদের সঙ্গেই কাজ করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, রাজনৈতিক লড়াইয়ের অধ্যায় পেরিয়ে এখন দেশ গড়ার সময়। নতুন করে রাজনৈতিক সংঘাতে না জড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সব নাগরিকের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে।

বিরোধী দলের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তুলে পানিসম্পদ মন্ত্রী বলেন, রাষ্ট্রের প্রতি সরকারি দল ও বিরোধী দল উভয়েরই নৈতিক দায়বদ্ধতা রয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর বিরোধী দল সেই দায়িত্ব কতটা পালন করেছে, তা বিবেচনা করা প্রয়োজন। এমন পরিস্থিতিতে হঠাৎ লংমার্চ বা রোডমার্চের মতো কর্মসূচি দেওয়ার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

লক্ষ্মীপুর পৌর প্রশাসক ও পৌর মহাশ্মশান ঘাট সংসদের সভাপতি সম্রাট খীসার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি।

এ ছাড়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, জেলা পূজা উদযাপন পরিষদ ও ত্রিনয়নী পূজা উদযাপন কমিটির নেতারা বক্তব্য দেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা