October 5, 2026, 12:48 pm

সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও সিএনজি জব্দ

প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা একটি সিএনজি ও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের আরও ৩-৪ জন সদস্য পালিয়ে যায়।

রোববার (৪ অক্টোবর) দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটে উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইসপাইসি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের বিপরীতে ঢাকাগামী সড়কে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. পারভেজ (৩৬), প্রান্ত (২৮), মো. রোহান (২২), মো. ডালিম (৪৮), নাজমুল (২৮) ও মো. অন্তর (২৪)।

পুলিশ জানায়, সোনারগাঁ থানার সাব-ইন্সপেক্টর শিকদার হারুন অর রশিদ সঙ্গীয় ফোর্স নিয়ে রাতে টহল ডিউটিতে ছিলেন। রাত ১১টা ৪৫ মিনিটের দিকে মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের মাধ্যমে তিনি জানতে পারেন, একটি ডাকাত দল সিএনজি নিয়ে ছোট সাদিপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।

পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করে শিকদার হারুন অর রশিদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে ৬ জনকে আটক করে। এ সময় ডাকাত দলের আরও ৩-৪ জন সদস্য পালিয়ে যায়।

পরে আটক ব্যক্তিদের তল্লাশি করে একটি তালাকাটার কাটার, দুটি রামদা, একটি ছুরি, একটি দা, একটি লোহার রড, একটি প্লাস ও একটি সেলাই রেঞ্জ জব্দ করা হয়। এছাড়া ঘটনাস্থলে ফেলে যাওয়া সিএনজি তল্লাশি করে এর পেছনের অংশ থেকে আরও তিনটি লোহার রড জব্দ করা হয়। জব্দ করা সিএনজিটির রেজিস্ট্রেশন নম্বর নারায়ণগঞ্জ-থ-১১-৫৬৬৫।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা পরস্পর যোগসাজশে মহাসড়কে ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘটনাস্থলে জড়ো হওয়ার কথা জানিয়েছে।

এ ঘটনায় সোনারগাঁ থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা করা হয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া ডাকাত দলের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, ডাকাতি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা