October 5, 2026, 1:49 pm

নাটোরের লালপুর থানা। ছবি: সংগৃহীত

লালপুরে তরুণীকে ঘুরতে নিয়ে ধর্ষণের অভিযোগ, ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি

প্রতিনিধি:

নাটোরের লালপুরে প্রেমের সম্পর্কের সূত্র ধরে এক তরুণীকে (২৩) ঘুরতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে আশিক (২২) ও তার দুই বন্ধুর বিরুদ্ধে। অভিযোগ, ঘটনার ভিডিও ধারণ করে পরে ওই তরুণীকে ব্ল্যাকমেইল করে ১৫ হাজার টাকা দাবি করা হয়। টাকা না দিলে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে লালপুর ডিগ্রি কলেজ সংলগ্ন একটি ফাঁকা বাড়িতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ভুক্তভোগী তরুণী।

ভুক্তভোগীর ভাষ্য, মোবাইল ফোনের মাধ্যমে আশিকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শনিবার বিকেলে আশিকের সঙ্গে লালপুরের গ্রিনভ্যালি পার্কে ঘুরতে যান তিনি। পরে আশিক তাকে রিকশায় করে লালপুর ডিগ্রি কলেজ সংলগ্ন একটি ফাঁকা বাড়িতে নিয়ে যান। সেখানে আগে থেকেই তার দুই বন্ধু শাকিল ও কাজল উপস্থিত ছিলেন।

তরুণীর অভিযোগ, বাড়িটির একটি কক্ষে নিয়ে আশিক ও তার দুই সহযোগী তাকে ধর্ষণ করেন। এ সময় তাদের একজন ঘটনার ভিডিও ধারণ করেন। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে অটোরিকশায় করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

পরদিন রোববার দুপুরে হোয়াটসঅ্যাপে ওই ভিডিও পাঠিয়ে ১৫ হাজার টাকা দাবি করা হয়। টাকা না দিলে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

পরে তিনি বিষয়টি এক প্রতিবেশী চাচিকে জানান। এরপর পরিবারের সদস্যরা জানতে পেরে থানায় যোগাযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে আশিক, শাকিল ও কাজলকে হেফাজতে নেয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানান তিনি।

ওসি আরও জানান, ভুক্তভোগী তরুণী ও তার এক স্বজন নিরাপদে রয়েছেন। তাদের চিকিৎসা ও প্রয়োজনীয় আইনি সহায়তার ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা