নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাধারণ শিক্ষার্থী ও পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। ক্যাম্পাসে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
সোমবার (৫ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে সাদিক কায়েম বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হল সংসদের জিএসের বিরুদ্ধে ছাত্রদলের একটি সশস্ত্র শোডাউনের প্রতিবাদ করেন শিক্ষার্থীরা। পরে ওই ঘটনার ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়।
বিবৃতিতে অভিযোগ করা হয়, রড, পাইপ ও চাপাতি নিয়ে চালানো হামলায় অন্তত ১০ জন সাংবাদিক ও শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। এ সময় সাংবাদিকদের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া, গলা চেপে শ্বাসরোধের চেষ্টা এবং মাথায় আঘাত করে রক্তাক্ত করার অভিযোগও রয়েছে।
ঘটনার পর রাবি প্রশাসন ও পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন ডাকসু ভিপি। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নিজেই পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার কথা স্বীকার করেছেন এবং পুলিশও ভয়ে পালিয়ে গেছে বলে জানিয়েছেন।
বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার আগের ঘটনাও তুলে ধরেন সাদিক কায়েম। তিনি বলেন, গত ২৩ এপ্রিল শাহবাগ থানার ভেতরে ডাকসু নেতাকর্মী ও সাংবাদিকদের ওপর ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার হামলার ঘটনা ঘটে। কিন্তু পাঁচ মাস পার হলেও ওই ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি। বরং অভিযুক্তদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে দেখা যাওয়ার অভিযোগ রয়েছে।
সাদিক কায়েম সংবাদমাধ্যমের স্বাধীন ও নিরাপদভাবে কাজের পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। তিনি ক্যাম্পাসে সব ধরনের সহিংসতা বন্ধ, হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত দৃশ্যমান ও আইনি ব্যবস্থা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ক্যাম্পাসে সহিংসতা রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে সাধারণ শিক্ষার্থীদের ক্ষোভ আরও তীব্র হতে পারে।