নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোনারগাঁও থানা পুলিশ ৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ সানী (৩০)।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে অতিরিক্ত পুলিশ সুপারের মো: তারেক আল মেহেদী।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশে এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে পুলিশ এই অভিযান পরিচালনা করে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) শেখ পারভেজ বিন কামাল চৌধুরীর নেতৃত্বে সোনারগাঁও থানার সনমান্দী ইউনিয়নের ফতেপুর গ্রামের আনিকা সাইকেল স্টোর এর সামনের পাকা রাস্তায় অভিযান চালানো হয়। সেখানে তল্লাশি চালিয়ে চাঁদপুর সদর থানার মনোহোর কান্দী (বিষ্ণপুরা) এলাকার মোঃ লোকমান বেপারীর ছেলে মোঃ সানীকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো: তারেক আল মেহেদী বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।