September 24, 2026, 9:58 am

জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন শুরুর আশা ইসির

আগামী বছরের জানুয়ারি মাস থেকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন শুরু হতে পারে বলে আশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার। বার্ষিক পরীক্ষা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় নিয়ে নভেম্বর-ডিসেম্বরে নির্বাচন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন কার্যালয়ে আসন্ন স্থানীয় নির্বাচন, উপনির্বাচনসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ইসি আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, পাবলিক পরীক্ষা শেষ হওয়ার পর এমন সময়ে নির্বাচন আয়োজনের বিষয়টি নিয়ে কমিশন চিন্তা করছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বার্ষিক পরীক্ষা থাকায় নভেম্বর ও ডিসেম্বরে নির্বাচন আয়োজন করা হচ্ছে না। আশা করা হচ্ছে, জানুয়ারি থেকে নির্বাচন শুরু করা সম্ভব হবে।

ইসি আনোয়ারুল জানান, এর আগে সম্ভাব্য নির্বাচনের তারিখ ঘোষণা করা হলেও পরে দেখা যায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা শুরু হচ্ছে। পাশাপাশি বন্যার কারণে শিক্ষার্থীদের পরীক্ষা ও অন্যান্য কার্যক্রম পিছিয়ে যাওয়ার বিষয়টিও বিবেচনায় নিতে হচ্ছে।

তিনি বলেন, রমজান, ঈদ, পূজা এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষাসহ বিভিন্ন বিষয় বিবেচনা করেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সময় নির্ধারণ করবে নির্বাচন কমিশন।

নির্বাচনের তারিখ পেছানোর বিষয়ে সরকারের কোনো চাপ ছিল কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের কোনো চাপে নির্বাচন কমিশন তারিখ পেছায়নি। বাস্তবতা, আইন ও সংবিধানের বিষয়গুলো বিবেচনায় নিয়েই কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা করে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা