September 25, 2026, 7:37 am

সড়কে দুর্ঘটনা এড়াতে চালক-আরোহীদের সতর্ক থাকার আহ্বান পুলিশের

সড়ক দুর্ঘটনা কমানো ও যান চলাচলে শৃঙ্খলা নিশ্চিত করতে মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের চালক-আরোহীদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ। একই সঙ্গে দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকি কমাতে ট্রাফিক আইন মেনে দায়িত্বশীলতার সঙ্গে যানবাহন চালানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

পুলিশের নির্দেশনায় বলা হয়েছে, মোটরসাইকেলে চলাচলের সময় চালক ও আরোহী উভয়কেই মানসম্মত হেলমেট ব্যবহার করতে হবে। চালকসহ সর্বোচ্চ দুজন মোটরসাইকেলে উঠতে পারবেন। চলন্ত অবস্থায় মোবাইল ফোন ব্যবহার এবং অপ্রয়োজনে উচ্চশব্দের বা হাইড্রোলিক হর্ন বাজানো থেকেও বিরত থাকতে হবে।

চালকদের নির্ধারিত গতিসীমা ও ট্রাফিক সিগন্যাল মেনে চলার পাশাপাশি ভারী যানবাহনের ব্লাইন্ড স্পট সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মোড় নেওয়া কিংবা লেন পরিবর্তনের আগে যথাসময়ে ইন্ডিকেটর ব্যবহারের ওপরও গুরুত্ব দিয়েছে পুলিশ।

এ ছাড়া সামনের যানবাহনের সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং ঝড়, বৃষ্টি ও কুয়াশার মতো প্রতিকূল আবহাওয়ায় গতি কমিয়ে সতর্কতার সঙ্গে যানবাহন চালানোর আহ্বান জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, যানজট বা অন্য কোনো চালকের ভুলের কারণে ধৈর্য হারিয়ে বেপরোয়া আচরণ করা যাবে না। মাদকাসক্ত, তন্দ্রাচ্ছন্ন কিংবা উল্টো পথে কোনোভাবেই গাড়ি চালানো নিষেধ। মহাসড়কে ঝুঁকিপূর্ণ ওভারটেকিং এড়িয়ে নির্ধারিত লেনে চলাচল এবং গাড়ির প্রয়োজনীয় হালনাগাদ কাগজপত্র সঙ্গে রাখার জন্যও চালকদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা