হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৩৯৭ দশমিক ৭ গ্রাম (প্রায় ৩৬ ভরি) স্বর্ণালংকার, আটটি মোবাইল ফোন ও তিনটি ল্যাপটপসহ তিনজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
আটক ব্যক্তিরা হলেন- রাবিয়া বেগম, আকাশ আহমেদ ও মো. জলিল।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের নিচতলায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তাঁদের আটক করা হয়। এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে তাঁরা পালানোর চেষ্টা করলে পুলিশ তাঁদের আটক করে।
পরে তাঁদের দেহ তল্লাশি করে মোট ৩৯৭ দশমিক ৭ গ্রাম স্বর্ণালংকার, আটটি মোবাইল ফোন ও তিনটি ল্যাপটপ উদ্ধার করা হয়। এপিবিএন জানিয়েছে, উদ্ধার করা স্বর্ণালংকারগুলো ২২ ক্যারেট মানের।
এপিবিএন জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন, বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে এসব স্বর্ণালংকার, মোবাইল ফোন ও ল্যাপটপ বাংলাদেশে আনা হয়েছে। চোরাচালানের উদ্দেশ্যে এসব পণ্য আনা হয়েছিল বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে। আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিমানবন্দরকেন্দ্রিক স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত বলেও দাবি করেছে পুলিশ।
এ ঘটনায় বৃহস্পতিবার বিমানবন্দর থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। মামলায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫-ডি ধারায় অভিযোগ আনা হয়েছে।
এ বিষয়ে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার (অপারেশন্স) মোহাম্মদ নাজির আহমেদ খাঁন বলেন, ‘বিমানবন্দর এলাকায় যেকোনো অপরাধ দমন ও চোরাচালান প্রতিরোধে এয়ারপোর্ট এপিবিএন সক্রিয় ভূমিকা পালন করছে। মাদক ও স্বর্ণ চোরাচালানের অপতৎপরতা রোধে এয়ারপোর্ট এপিবিএন পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে বদ্ধপরিকর। বিমানবন্দর ব্যবহার করে যেকোনো ধরনের চোরাচালান রোধে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।