নিজস্ব প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আত্মীয়ের বিয়েতে যাওয়ার পথে মেঘনা নদীতে ১৪ যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় রায়েসা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ৯ জনকে। তবে একই পরিবারের বাবা, দুই ছেলে ও মেয়েসহ চারজন এখনো নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনামই এলাকায় আমান সিমেন্ট কারখানাসংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ চারজন হলেন হেলাল উদ্দিন (৫৫), তাঁর ছেলে সজীব (২৪), মেয়ে সামিয়া (১৭) ও সামিন (৫)। তারা কুমিল্লার হোমনা থানা এলাকার বাসিন্দা। একই পরিবারের শিরিন বেগম (৪৫) ও তাঁর আরেক মেয়ে লামিয়া আক্তারকে জীবিত উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া এলাকার সাজিয়া আক্তার ও শিশিরের বিয়েতে অংশ নিতে হোমনা থেকে স্বজনেরা একটি ট্রলারে করে সোনারগাঁয়ের হাড়িয়া এলাকায় যাচ্ছিলেন। মেঘনা নদী পার হওয়ার সময় হঠাৎ ট্রলারটি ডুবে গেলে যাত্রীরা পানিতে পড়ে যান।
এ সময় ঘটনাস্থলের কাছাকাছি থাকা আমান কোম্পানির একটি ট্রলার দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। তারা ৯ জনকে জীবিত এবং রায়েসা বেগমকে মৃত অবস্থায় উদ্ধার করে।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমাদের এখানে একজন নারী রোগী আনা হয়েছে। তিনি মারা গেছেন।’
সোনারগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ জাহেদ চৌধুরী বলেন, আনুমানিক দুপুর দেড়টার দিকে দুর্ঘটনাটি ঘটে। তবে ফায়ার সার্ভিস খবর পায় বিকেল ৪টা ৫০ মিনিটে। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়। নিখোঁজদের সন্ধানে নদীতে উদ্ধার অভিযান চলছে।