September 24, 2026, 7:33 am

কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযান, একরাতে আটক ৬২৪

নিজস্ব প্রতিনিধি:

কুমিল্লায় অপরাধে জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য একরাতে ৬২৪ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিষয়ে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানায়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে উঠতি বয়সী কিশোরদের সম্পৃক্ততার বিষয়টি সামনে আসছে। এ পরিস্থিতিতে পুলিশ সুপার আনিসুজ্জামানের নির্দেশে জেলার সব থানায় একযোগে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে কুমিল্লা নগরীর বিভিন্ন স্থান ছাড়াও জেলার প্রতিটি থানার আওতাধীন বখাটেদের উৎপাত রয়েছে এমন এলাকাগুলোতে অভিযান চালানো হয়। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অভিযানে সরাসরি অংশ নেন।

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, আটক ব্যক্তিদের অতীতের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। যাচাই শেষে প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে বলেও জানান তিনি।

সম্প্রতি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা নাহিদা বেগমের ১৩ বছর বয়সী সন্তান অপ্রতিম হত্যার ঘটনার পর জেলায় কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতেই পুলিশের এই বিশেষ অভিযান পরিচালিত হয়েছে বলে জানা গেছে।

এদিকে, বুধবার রাতে দাউদকান্দি থানায় আটক ব্যক্তিদের মধ্যে ১৭ জন থানার কক্ষের দরজা ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে লুৎফর রহমান বলেন, একই কক্ষে অতিরিক্তসংখ্যক মানুষ থাকায় সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এ সুযোগে কয়েকজন বেরিয়ে গেলেও স্থানীয়রা তাদের ধরে আবার থানায় নিয়ে আসে।

একসঙ্গে বিপুলসংখ্যক মানুষকে আটক করায় বিষয়টি জানতে সাধারণ মানুষ থানায় ভিড় করেন। এ সময় সৃষ্ট হট্টগোলের মধ্যেই ওই ঘটনা ঘটে বলে জানান তিনি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা