September 24, 2026, 7:20 am

আফগানিস্তানের ১০ সামরিক ঘাঁটিতে পাকিস্তানের পাল্টা হামলা

পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করা একাধিক ড্রোন ধ্বংসের পর আফগানিস্তানের ১০টি সামরিক স্থাপনায় পাল্টা বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বুধবার পাকিস্তানের আকাশসীমায় ড্রোনের অনুপ্রবেশ দেশটির সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন। তবে নির্ধারিত লক্ষ্যবস্তুতে হামলা চালানোর আগেই পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনগুলো শনাক্ত করে ধ্বংস করে।

আতাউল্লাহ তারার জানান, আত্মরক্ষার সার্বভৌম অধিকার প্রয়োগ করে আফগানিস্তানের ১০টি স্থানে সুনির্দিষ্ট বিমান ও ড্রোন হামলা চালানো হয়েছে। পাকিস্তানের দাবি, এসব স্থাপনা ড্রোন তৈরি ও মজুতের কাজে ব্যবহৃত হচ্ছিল।

পাকিস্তান সরকারের ভাষ্য অনুযায়ী, অভিযানটি ছিল সীমিত ও নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক। ড্রোন হামলার সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট সামরিক স্থাপনাগুলোতেই হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে।

এদিকে পাকিস্তান সরকার আফগান তালেবানকে শত্রুভাবাপন্ন তৎপরতা বন্ধের আহ্বান জানিয়েছে। পাশাপাশি আফগান ভূখণ্ড ব্যবহার করে কার্যক্রম চালানো সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে দ্রুত ও দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে দেশটি।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা