September 24, 2026, 6:57 am

বোয়িংয়ের সঙ্গে ১১ উড়োজাহাজের চুক্তি, বহর আধুনিকায়নে নতুন উদ্যোগ বিমানের

বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক রুটে যোগাযোগ সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। চুক্তির আওতায় পাঁচটি বোয়িং ৭৮৭-১০ ও ছয়টি বোয়িং ৭৩৭-৮সহ মোট ১১টি উড়োজাহাজ কেনার পরিকল্পনা রয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিমানের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিমান কর্তৃপক্ষ বলছে, নতুন উড়োজাহাজগুলো বহরে যুক্ত হলে সংস্থাটির পরিচালন সক্ষমতা, দক্ষতা ও নমনীয়তা বাড়বে। পাশাপাশি আন্তর্জাতিক যোগাযোগ সম্প্রসারণের মাধ্যমে দেশের ক্রমবর্ধমান আকাশপথের চাহিদা পূরণ এবং দীর্ঘমেয়াদি বহর পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে।

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিতে সই করেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমী এ হোসেন এবং বোয়িংয়ের কমার্শিয়াল সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্র্যাড ম্যাকমুলেন।

বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমী এ হোসেন বলেন, জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা হিসেবে দেশের মানুষ, প্রবাসী বাংলাদেশি, ব্যবসায়ী ও পর্যটকদের ক্রমবর্ধমান আন্তর্জাতিক যোগাযোগের চাহিদা পূরণে বিমানের সক্ষমতা ও নেটওয়ার্ক বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, আগামী বছরগুলোতে দেশের আন্তর্জাতিক আকাশ যোগাযোগ আরও শক্তিশালী করার লক্ষ্যে একটি সুপরিকল্পিত দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে বোয়িংয়ের সঙ্গে এ চুক্তি করা হয়েছে।

বিমান জানিয়েছে, বহরের প্রয়োজনীয়তা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বিবেচনা করেই নতুন উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে বিদ্যমান বোয়িং বহরের সঙ্গে সামঞ্জস্য ও ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি পরিচালন দক্ষতা বাড়ানো সম্ভব হবে।

সংস্থাটির ভাষ্য, নতুন চুক্তি বিমানের বহর আধুনিকায়ন কর্মসূচিকে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে আন্তর্জাতিক যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা পূরণে একটি আধুনিক, দক্ষ ও বাণিজ্যিকভাবে টেকসই বহর গড়ে তোলার পথও সুগম হবে।

বিমান আরও জানায়, বোয়িংয়ের সঙ্গে তাদের দীর্ঘদিনের সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে। নতুন চুক্তির ফলে উড়োজাহাজ সরবরাহের পাশাপাশি পরবর্তী পর্যায়ের সহায়তা ও ব্যবস্থাপনার সুযোগও আরও বিস্তৃত হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনসহ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও বোয়িংয়ের মধ্যে আরও ১১টি উড়োজাহাজ কেনার বিষয়ে একটি সম্পূরক চুক্তি সই হয়েছিল।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা