September 24, 2026, 9:17 am

দুর্ঘটনা রোধে মোটরসাইকেল ও গাড়িচালকদের ১২ নির্দেশনা পুলিশের

সড়ক দুর্ঘটনা কমানো ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে মোটরসাইকেল ও গাড়িচালকদের জন্য ১২টি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পুলিশ। বাহিনীটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

পুলিশের নির্দেশনায় চালকদের হেলমেট ও সিটবেল্ট ব্যবহার, বৈধ কাগজপত্র সঙ্গে রাখা এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

নির্দেশনাগুলো হলো—

১. মোটরসাইকেল চালানোর সময় হেলমেট এবং গাড়ি চালানোর সময় সিটবেল্ট ব্যবহার করতে হবে।

২. মোটরসাইকেলে চালকসহ আরোহীর সংখ্যা কোনোভাবেই দুইয়ের বেশি রাখা যাবে না।

৩. গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার ও অপ্রয়োজনে হর্ন বাজানো থেকে বিরত থাকতে হবে।

৪. নির্ধারিত গতিসীমা ও ট্রাফিক সিগন্যাল মেনে চলতে হবে।

৫. বড় ও ভারী যানবাহনের ব্লাইন্ড স্পট সম্পর্কে সতর্ক থাকতে হবে, যাতে চালকের দৃষ্টিসীমার মধ্যে থাকা যায়।

৬. লেন পরিবর্তন বা টার্ন নেওয়ার আগে অবশ্যই ইন্ডিকেটর ব্যবহার করতে হবে।

৭. অন্যান্য যানবাহনের সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে।

৮. বিরূপ আবহাওয়ায় গতি কমিয়ে সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে হবে।

৯. ট্রাফিক জ্যাম বা অন্য চালকের ভুলের কারণে মেজাজ হারানো যাবে না।

১০. মাদক সেবন করে, নিদ্রাচ্ছন্ন অবস্থায় কিংবা উল্টো পথে গাড়ি চালানো যাবে না।

১১. মহাসড়কে অপ্রয়োজনে ওভারটেকিং থেকে বিরত থাকতে হবে এবং নির্ধারিত লেন অনুসরণ করতে হবে।

১২. হালনাগাদ ও বৈধ কাগজপত্র সঙ্গে রাখতে হবে।

বাংলাদেশ পুলিশ এসব নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়ে বলেছে, নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য সড়কে চলাচলের সময় সবাইকে সতর্ক থাকতে হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা