September 23, 2026, 4:58 pm

সোনারগাঁয়ে পুলিশের অভিযানে স্কাফসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৩৫ বোতল অবৈধ মাদকদ্রব্য স্কাফসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. তারেক আল মেহেদী।

পুলিশ জানায়, মাদকের বিস্তার রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এর অংশ হিসেবে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে সোনারগাঁ থানা পুলিশের একটি দল অভিযান চালায়।

সোনারগাঁও জাদুঘরের ১ নম্বর গেটসংলগ্ন এলাকা থেকে টিপরদীগামী পাকা সড়কে অভিযান চালানোর সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন তিন ব্যক্তি। পরে টিপরদী এলাকার একটি সাততলা ভবনের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকের পর তাদের সঙ্গে থাকা কালো প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ৩৫ বোতল স্কাফ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মুন্সিগঞ্জের শ্রীনগর থানার শিংপাড়া এলাকার মৃত সোরহাব মল্লিকের ছেলে আনোয়ার হোসেন মল্লিক (৪৫), বাগেরহাটের শরণখোলা থানার মালিহা রাজাপুর এলাকার বাবুল হোসেনের ছেলে অভি ইসলাম ওরফে ইয়ামিন (২৫) এবং বরিশালের বাকেরগঞ্জ থানার উত্তর চৈতা এলাকার বারেক হাওলাদারের ছেলে মনির হাওলাদার (৩৫)।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকমুক্ত সমাজ গঠনে মাদকবিরোধী অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা