September 9, 2026, 3:43 pm

হরমুজ উত্তেজনার মধ্যেই আরব সাগরে নতুন নিষিদ্ধ অঞ্চল ঘোষণা ইরানের

হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামুদ্রিক উত্তেজনা যখন তীব্র আকার ধারণ করেছে, ঠিক তখনই আরব সাগরে নতুন একটি নিষিদ্ধ সামুদ্রিক অঞ্চল ঘোষণা করেছে ইরান।

বুধবার (৯ সেপ্টেম্বর) ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানায়, নতুন এই নিষিদ্ধ অঞ্চলটি চাবাহার উপকূল থেকে শুরু হয়ে ওমান উপসাগরের কিছু অংশ অতিক্রম করে আরব সাগর পর্যন্ত বিস্তৃত হবে।

আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি জানিয়েছেন, নির্ধারিত এলাকার মধ্যে ইরানের সঙ্গে পূর্ব সমন্বয় ছাড়া কোনো জাহাজ প্রবেশ করলে সেটি নিষেধাজ্ঞার আওতায় পড়বে। তবে নতুন সামুদ্রিক অঞ্চলের সুনির্দিষ্ট স্থানাঙ্ক পরবর্তীতে প্রকাশ করা হবে বলে জানান তিনি।

এর আগে রোববার সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই জানিয়েছিলেন, হরমুজ প্রণালির বাইরে একটি নতুন সীমাবদ্ধ এলাকা তৈরি করা হবে। ওই এলাকায় অনুমতি ছাড়া প্রবেশকারী জাহাজকে ইরানের নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করার হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি।

ইরানের এই পদক্ষেপ এমন এক সময়ে এলো, যখন হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সামরিক উত্তেজনা বেড়েই চলেছে। বুধবার ইরান দাবি করেছে, হরমুজের আশপাশে ১০টি জাহাজে হামলা চালানো হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পাঁচটি তেলবাহী জাহাজ ধ্বংস হয়েছে বলেও দাবি করেছে তেহরান।

এদিকে উপসাগর ও ওমান সাগরে কয়েকটি বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের একটি সামুদ্রিক নিরাপত্তা সংস্থা। ইরাকের জলসীমায় একটি তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলার পর আগুন ধরে যাওয়ার ঘটনাও ঘটেছে।

হরমুজ প্রণালিকে ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনার প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও। বুধবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের সীমা ছাড়িয়ে যায়।

ইরানের নতুন ঘোষণার পর এখন নজর রয়েছে নিষিদ্ধ সামুদ্রিক অঞ্চলটির সুনির্দিষ্ট পরিসর এবং এটি কার্যকর করতে তেহরান কী ধরনের পদক্ষেপ নেয়, সেদিকে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা