September 9, 2026, 3:44 pm

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল, ২৭ বিয়ারিং প্যাডে গুরুতর ত্রুটি

রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল পথে ৪৬টি পিলারে বিভিন্ন মাত্রার ফাটল এবং ২৭টি বিয়ারিং প্যাডে গুরুতর ত্রুটি শনাক্ত হয়েছে। এসব ত্রুটির ঝুঁকি নিরূপণ ও প্রয়োজনীয় মেরামতের কৌশল নির্ধারণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) স্ট্রাকচারাল কনসালট্যান্ট হিসেবে নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার।

বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান। কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য তুলে ধরেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

মন্ত্রী জানান, অডিট কমিটির পর্যালোচনায় মেট্রোরেলের মোট ৭৩০টি বিয়ারিং প্যাডে ত্রুটি পাওয়া গেছে। এর মধ্যে ৪৯৭টি ত্রুটি ‘মাইনর’ হিসেবে চিহ্নিত হয়েছে। আরও ২০৬টি ত্রুটি স্থাপনের সময়কার ওয়ার্কম্যানশিপ-সংক্রান্ত বলে উল্লেখ করা হয়েছে। তবে সব ত্রুটিকে গুরুতর হিসেবে বিবেচনা করা হয়নি।

তিনি বলেন, শনাক্ত হওয়া ত্রুটিপূর্ণ বিয়ারিং প্যাডগুলোর মধ্যে মাত্র ২৭টিকে ‘ক্রিটিক্যাল’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব প্যাড প্রতিস্থাপনের জন্য আগামী ৩০ নভেম্বর ২০২৬-এর মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে গত ১৬ জুলাই ২০২৬ ডিএমটিসিএল ‘সুপারিশ বাস্তবায়ন কমিটি’ গঠন করেছে। ইতোমধ্যে ১০টি স্থানে স্টিল ব্র্যাকেট এবং ২৭টি স্থানে বিয়ারিং প্যাডের সেটেলমেন্ট পর্যবেক্ষণের জন্য ‘সেটেলমেন্ট মার্কার’ স্থাপন করা হয়েছে।

এ ছাড়া মেট্রোরেলের ৪৬টি পিলারে শনাক্ত হওয়া ফাটলের ঝুঁকি মূল্যায়ন এবং তা মেরামতের উপযুক্ত পদ্ধতি নির্ধারণে বুয়েটকে স্ট্রাকচারাল কনসালট্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে।

ফাটলের অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ ও পরিমাপের জন্য ১০২টি স্থানে ‘স্ট্রাকচারাল ক্র্যাক গেজ’ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ৩১ অক্টোবর ২০২৬-এর মধ্যে এসব গেজ স্থাপনের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।

কালেরচিত্র/এমআ

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা