September 9, 2026, 7:39 am

আইফেল টাওয়ারে নারী কর্মী সরানোর অভিযোগ, বিষয়টি থেকে দূরত্ব ভারতের

হিন্দু দর্শনার্থীদের একটি প্রতিনিধিদল আইফেল টাওয়ার পরিদর্শনের সময় নারী কর্মীদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। তবে এ ঘটনায় ভারতের সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আইফেল টাওয়ারের ঘটনাটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে সরকারের মন্তব্য করার কোনো কারণ নেই।

তিনি বলেন, প্যারিস এলাকায় বিএপিএসের একটি মন্দির উদ্বোধনের বিষয়ে ভারত অবগত রয়েছে। তবে আইফেল টাওয়ার-সংক্রান্ত নির্দিষ্ট বিষয়টি সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যকার বিষয়।

এদিকে বিএপিএসের মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভার্চুয়াল বক্তব্য নিয়েও প্রশ্ন ওঠে। জবাবে জয়সওয়াল বলেন, এ ধরনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা জানানো একটি স্বাভাবিক রীতি। এ ক্ষেত্রেও তিনি ভার্চুয়ালি শুভেচ্ছা জানিয়েছেন।

এর আগে অভিযোগ ওঠে, বিএপিএসের প্রতিনিধিদল আইফেল টাওয়ার পরিদর্শনে গেলে সেখানে দায়িত্ব পালনরত কয়েকজন নারী কর্মীকে সরিয়ে দেওয়া হয়। তাদের কেউ কেউ দায়িত্বস্থল ছেড়ে অন্য এলাকায় যেতে বাধ্য হন। কিছু ক্ষেত্রে নারী কর্মীদের পরিবর্তে পুরুষ কর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছিল বলেও অভিযোগ রয়েছে।

এ ঘটনার প্রতিবাদে আইফেল টাওয়ারের কর্মীরা ধর্মঘটে যান। কর্মীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, সফরের সময় লিঙ্গের ভিত্তিতে নারী কর্মীদের দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে পুরুষ কর্মীদের দায়িত্ব দেওয়া এবং নারী কর্মীদের ‘অদৃশ্য’ রাখার মতো নির্দেশনা দেওয়া হয়েছিল।

বিএপিএস নিজেদের একটি স্বেচ্ছাসেবী আধ্যাত্মিক সংগঠন হিসেবে পরিচয় দেয়। সংগঠনটির দাবি, হিন্দু ধর্মীয় মূল্যবোধ, সেবা ও বৈশ্বিক সম্প্রীতির মাধ্যমে তারা সমাজের উন্নয়নে কাজ করে।

সূত্র: এনডিটিভি

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা