মহাসড়কে স্লিপার বাস চলাচলের অনুমতি চেয়ে বাস মালিক সমিতির করা আবেদনে সাড়া দেয়নি হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়েছেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যেসব বাসকে চলাচলের অনুমতি দিয়েছে, কেবল সেসব বাসই সড়কে চলতে পারবে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে বিআরটিএর পক্ষে শুনানি করেন আইনজীবী মো. রাফিউল ইসলাম। তিনি জানান, স্লিপার বাস মালিক অ্যাসোসিয়েশন মহাসড়কে এসব বাস চালানোর অনুমতি চেয়ে আবেদন করেছিল।
আইনজীবী বলেন, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪০ ধারায় যানবাহনের কারিগরি বৈশিষ্ট্য ও নির্ধারিত স্পেসিফিকেশন মেনে চলার বিধান রয়েছে। এসব বিধান লঙ্ঘন করলে তা আইনের ৮০ ও ৮৪ ধারার আওতায় অপরাধ হিসেবে গণ্য হতে পারে। এ অপরাধে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানার বিধান রয়েছে।
তিনি আরও বলেন, একই আইনের ২৮ ধারায় রুট পারমিট ছাড়া কোনো যানবাহন সড়কে চলাচল করতে পারবে না বলে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
বিআরটিএর আইনজীবীর ভাষ্য অনুযায়ী, স্লিপার বাস চলাচলের জন্য বর্তমানে কোনো অনুমতি নেই। ফলে হাইকোর্টও এ ধরনের বাস চলাচলের অনুমতি দেননি।