September 9, 2026, 7:39 am

ছবি ছাড়া এনআইডি তৈরির আবেদন নাকচ, হাইকোর্টের রুল খারিজ

নিজস্ব প্রতিবেদক: ছবি ছাড়া বায়োমেট্রিক তথ্যের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির নির্দেশনা চেয়ে করা রিটের ওপর জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে জাতীয় পরিচয়পত্র তৈরিতে ছবি ব্যবহারের বাধ্যবাধকতাই বহাল থাকল।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ ওমর শরীফ ও ইলিয়াছ আলী মন্ডল। অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী কামাল হোসেন মিয়াজী।

রায়ের বিষয়টি নিশ্চিত করে আইনজীবী কামাল হোসেন মিয়াজী বলেন, হাইকোর্ট রুলটি খারিজ করেছেন। ফলে ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র তৈরির সুযোগ থাকছে না।

মামলার নথি অনুযায়ী, রাজধানীর শাহজাহানপুরের শান্তিবাগ এলাকার বাসিন্দা সুমাইয়া আহমাদ মুনা ২০২২ সালে হাইকোর্টে রিটটি দায়ের করেন। তিনি ইসলামী শরিয়াহ অনুযায়ী পর্দা পালন করেন উল্লেখ করে ছবি ছাড়া বিকল্প পদ্ধতিতে এনআইডি দেওয়ার দাবি জানান। এ বিষয়ে রিটে তার স্বামী মুহম্মদ আরিফুর রহমানকে কর্তৃপক্ষ দেওয়া হয়।

এর আগে ২০২২ সালের ১০ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের কাছে আবেদন করেন সুমাইয়া। আবেদনে তিনি উল্লেখ করেন, তিনি একজন প্রাপ্তবয়স্ক পর্দানশীন মুসলিম নারী এবং শরিয়াহর বিধান মেনে চলার কারণে কোনো ধরনের ছবি তোলেন না। এ কারণে তার জাতীয় পরিচয়পত্র হয়নি এবং এনআইডি না থাকায় বিভিন্ন সরকারি ও নাগরিক সুবিধা থেকে তিনি বঞ্চিত হচ্ছেন।

ছবি ছাড়া বিকল্প কোনো ব্যবস্থায় এনআইডি দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনের কাছে আবেদন করা হলেও তা নিষ্পত্তি না হওয়ায় তিনি হাইকোর্টের দ্বারস্থ হন।

রিটের প্রাথমিক শুনানি শেষে ২০২২ সালের ৬ মার্চ হাইকোর্ট একটি রুল জারি করেন। সেখানে ছবি ছাড়া বিকল্প পরিচয় নির্ধারণের ব্যবস্থা হিসেবে বায়োমেট্রিক ফিচার ব্যবহার করে এনআইডি তৈরির প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছিল।

তবে বুধবার সেই রুল খারিজ করে দেন হাইকোর্ট।

রুল জারির সময় রাষ্ট্রপক্ষ থেকে আদালতকে বলা হয়েছিল, ছবি ছাড়া এনআইডি দেওয়ার দাবি সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। রাষ্ট্রপক্ষের যুক্তি ছিল, হজ পালনের ক্ষেত্রেও ছবি প্রয়োজন হয় এবং ব্যাংক হিসাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবায় পরিচয় যাচাইয়ের জন্য ছবি ব্যবহৃত হয়। শুধু বায়োমেট্রিক তথ্যের ওপর নির্ভর করলে পরিচয় যাচাই ও নিরাপত্তার ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে।

রাষ্ট্রপক্ষ আরও বলেছিল, বায়োমেট্রিক পদ্ধতিতে চোখের আইরিশের তথ্য নেওয়ার প্রয়োজন হতে পারে। সে ক্ষেত্রেও পর্দা সংক্রান্ত বিষয়টি সামনে আসে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা