কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত বিকাশ মানবজাতির জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন গবেষক জ্যাকব কক্সন। তার আশঙ্কা, চলতি দশকের শেষ নাগাদ এআইয়ের অগ্রগতি এমন পর্যায়ে পৌঁছাতে পারে, যা মানবসভ্যতার অস্তিত্বের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে।
২৭ বছর বয়সী এই গবেষক এ ধরনের ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এআই গবেষণা প্রতিষ্ঠান অ্যানথ্রোপিক থেকে পদত্যাগ করেছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি কক্সনের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বক্তব্যের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
কক্সন এর আগে ওপেনএআই ও অ্যানথ্রোপিকে প্রায় তিন বছর প্রিট্রেনিং গবেষক হিসেবে কাজ করেছেন। পদত্যাগের পর তিনি অভিযোগ করেন, এআই খাতের বড় প্রতিষ্ঠানগুলো মানবজাতির সম্ভাব্য ঝুঁকিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না। বরং দ্রুত স্বয়ংক্রিয়ভাবে নিজেদের সক্ষমতা বাড়াতে পারবে এমন ‘সুপারইন্টেলিজেন্স’ তৈরির প্রতিযোগিতায় প্রতিষ্ঠানগুলো নেমেছে।
তার দাবি, এআই নির্মাতা প্রতিষ্ঠানগুলোর শীর্ষ নির্বাহী ও জ্যেষ্ঠ গবেষকরা প্রকাশ্যে আশ্বস্ত করার মতো বক্তব্য দিলেও ব্যক্তিগত আলোচনায় অনেকেই স্বীকার করেন যে, ভবিষ্যতের এআই মানবজাতির বিলুপ্তির কারণ হতে পারে।
কক্সনের আশঙ্কা, খুব শিগগিরই এমন ‘সুপারহিউম্যান’ এআই ব্যবস্থা তৈরি হতে পারে, যা মানুষের সক্ষমতাকে ছাড়িয়ে যাবে। এসব ব্যবস্থা প্রযুক্তি হ্যাক করা, বিপুল সম্পদ ও ক্ষমতার নিয়ন্ত্রণ নেওয়ার মতো সক্ষমতা অর্জন করতে পারে বলেও তিনি সতর্ক করেন।
ওপেনএআই ও অ্যানথ্রোপিকের পরিস্থিতির তুলনা করে কক্সন বলেন, ওপেনএআই এখনও এ ধরনের ঝুঁকির গভীরতা পুরোপুরি উপলব্ধি করতে পারেনি। অন্যদিকে অ্যানথ্রোপিক ঝুঁকির বিষয়টি বুঝলেও প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার তাগিদে দ্রুত এআই উন্নয়নের পথ থেকে সরে আসছে না।
কক্সনের বক্তব্যের প্রতিক্রিয়ায় অ্যানথ্রোপিকের অ্যালাইনমেন্ট সায়েন্স লিড ইভান হাবিনগারও এআই নিয়ে উদ্বেগের বিষয়টি স্বীকার করেছেন। তার মতে, আগামী এক দশকের মধ্যে এআইয়ের কারণে মানবজাতি ধ্বংস হওয়ার সম্ভাবনা ১০ শতাংশের বেশি হতে পারে। একই সঙ্গে সুপারইন্টেলিজেন্সকে নিয়ন্ত্রণ বা নিরাপদ রাখার জন্য এখনো সুস্পষ্ট কোনো পরিকল্পনা তৈরি হয়নি বলেও তিনি জানান।
এদিকে অ্যানথ্রোপিকের সমালোচক হিসেবে পরিচিত ইলন মাস্ক সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রশংসা করে একে বর্তমান এআই খাতের অন্যতম শীর্ষ নেতৃত্বদানকারী প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করেছেন এবং তাদের নতুন মডেলগুলোর সক্ষমতার প্রশংসা করেছেন।
তবে কক্সন এআই মডেলের সক্ষমতা আরও বাড়ানোর ক্ষেত্রে সাময়িক নিষেধাজ্ঞা বা বিরতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। তার মতে, মানবজাতির অস্তিত্বের সম্ভাব্য ঝুঁকি যথাযথভাবে মূল্যায়ন না করে এআই উন্নয়নের প্রতিযোগিতা চালিয়ে যাওয়া বিপজ্জনক হতে পারে।
সূত্র: এনডিটিভি