September 9, 2026, 4:16 pm

স্থানীয় নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি, ঢাকার দুই সিটিতে প্রার্থী বদল

স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধভাবে না গিয়ে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে দলটি। এরই মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণসহ পাঁচ সিটি করপোরেশনে মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করেছে এনসিপি।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রার্থী করার সিদ্ধান্ত হয়েছে। তবে দলীয়ভাবে পরে তাদের প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

এর আগে গত ৩০ মার্চ ঢাকাসহ পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেছিল এনসিপি। তখন ঢাকা দক্ষিণে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা উত্তরে দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবকে প্রার্থী করা হয়েছিল। এবার সেই সিদ্ধান্ত পরিবর্তন করে আসিফ মাহমুদকে উত্তরে এবং নাসীরুদ্দীন পাটওয়ারীকে দক্ষিণে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে এরই মধ্যে দুজনই নিজেদের ভোটার এলাকা পরিবর্তন করেছেন। আসিফ মাহমুদ ঢাকা দক্ষিণ থেকে ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন আফতাবনগরের ভোটার হয়েছেন। অন্যদিকে নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা উত্তর থেকে ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ঢাকা-৮ সংসদীয় এলাকার ভোটার হয়েছেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী গণমাধ্যমকে জানান, ঢাকা উত্তরে আসিফ মাহমুদ এবং দক্ষিণে তিনি মেয়র পদে নির্বাচন করবেন। তবে দল আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করার পর বিষয়টি চূড়ান্তভাবে নিশ্চিত হবে।

আসিফ মাহমুদও জানিয়েছেন, সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতির অংশ হিসেবেই তাদের ভোটার এলাকা পরিবর্তন করা হয়েছে। প্রায় দুই সপ্তাহ আগে দলের সর্বোচ্চ ফোরামে আলোচনা করে তাকে ঢাকা উত্তরে এবং নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঢাকা দক্ষিণে মেয়র পদে নির্বাচন করানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

এনসিপির ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকার দুই সিটি করপোরেশন ছাড়াও কুমিল্লা সিটি করপোরেশনে জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম, রাজশাহী সিটি করপোরেশনে মহানগর এনসিপির আহ্বায়ক মো. মোবাশ্বের আলী এবং সিলেট সিটি করপোরেশনে মহানগর এনসিপির আহ্বায়ক আবদুর রহমান আফজাল মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এর আগে জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে ঢাকা-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। অল্প ব্যবধানে তাকে পরাজিত করে জয়ী হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। অন্যদিকে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ ওই নির্বাচনে অংশ নেননি।

এনসিপি ও জামায়াতের সংশ্লিষ্ট সূত্রগুলোর ভাষ্য, স্থানীয় সরকার নির্বাচনে এর আগে জোটগতভাবে প্রার্থী দেওয়ার নজির নেই। এ বিষয়টি বিবেচনায় নিয়ে ১১ দলীয় ঐক্যের নেতারা স্থানীয় নির্বাচনে নিজ নিজ দলের প্রতীকে আলাদাভাবে প্রতিদ্বন্দ্বিতা করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন।

তবে স্থানীয় নির্বাচনে আলাদাভাবে প্রতিদ্বন্দ্বিতা করলেও রাজনৈতিকভাবে ১১ দলীয় ঐক্য অটুট থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। গণভোটের রায় বাস্তবায়ন, বিদ্যুৎ ও গ্যাস সংকটসহ বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে জোটভুক্ত দলগুলো ভবিষ্যতেও ঐক্যবদ্ধ কর্মসূচি পালন করবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা