September 9, 2026, 8:50 am

রূপপুর প্রকল্পের পাইওনিয়ার বেইজে গভীর রাতে আগুন, পুড়েছে সার্ভাররুমের সরঞ্জাম

নিজস্ব প্রতিবেদক :

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পাইওনিয়ার বেইজে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বিএইসি) জিসিভি সার্ভাররুমসহ আশপাশের কয়েকটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। পুড়ে গেছে কম্পিউটার, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, বৈদ্যুতিক সরঞ্জাম এবং ইন্টারনেট সার্ভারের বিভিন্ন যন্ত্রাংশ।

রোববার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত প্রায় ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে ঘটনাটি মঙ্গলবার জানাজানি হয়।

প্রকল্প-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাতের দিকে পাইওনিয়ার বেইজে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন ও ঘন ধোঁয়া আশপাশের কয়েকটি কক্ষে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের পর পাইওনিয়ার বেইজসহ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের আশপাশের দুটি ভবনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। একই সঙ্গে ওই অংশের ইন্টারনেট সংযোগও পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে। কাস্টমস বিল্ডিং ও ক্যান্টিনেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল বলে জানা গেছে।

অগ্নিকাণ্ডের বিষয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রকল্প পরিচালকের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

তবে নাম প্রকাশ না করার শর্তে প্রকল্পের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, পাইওনিয়ার বেইজ রূপপুর প্রকল্পের মূল কার্যক্রমের অংশ নয়। এটি প্রকল্পের একটি সহায়ক বা অক্সিলারী অংশ। আগুনের ঘটনায় প্রকল্পের মূল কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি এবং সার্বিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

ওই সূত্র আরও জানায়, অগ্নিকাণ্ডে পাইওনিয়ার বেইজের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা প্রকল্পের সামগ্রিক কার্যক্রমের জন্য বড় ধরনের প্রভাব ফেলবে না। তবে গভীর রাতে আগুন লাগার ঘটনায় নাশকতা বা স্যাবোটাজের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

রূপপুর গ্রিনসিটি মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. শহিদুল ইসলাম বলেন, প্রকল্পের অভ্যন্তরে আগুন লাগার খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করা হয়। আগুনে বিএইসির অফিসের বিভিন্ন কম্পিউটার, এসি, বৈদ্যুতিক সরঞ্জাম এবং ইন্টারনেট সার্ভারের বিভিন্ন যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

পাবনা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাদেকুল বারী বলেন, গভীর রাতে আগুনের খবর পেয়ে তিনি নিজে এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে যান। ঈশ্বরদী ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তিনি বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ হওয়ার পর অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা