September 8, 2026, 7:10 pm

ত্রিশালে ভ্যানকে বাসের ধাক্কা, ছিটকে পড়া যাত্রীর ওপর বাস তুলে দেওয়ার অভিযোগ; নারী নিহত

স্টাফ রিপোর্টার ময়মনসিংহ :

ময়মনসিংহের ত্রিশালে যাত্রীবাহী ভ্যানকে একটি বাস ধাক্কা দেওয়ার পর সড়কে ছিটকে পড়ে যাওয়া যাত্রীদের ওপর বাস তুলে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন ভ্যানে থাকা আরও কয়েকজন যাত্রী।

সোমবার ৮ই সেপ্টেম্বর ২০২৬ই ত্রিশাল উপজেলার সাইফুল কমিশনার বাড়ির সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য, সড়কের ওই এলাকায় একটি যাত্রীবাহী ভ্যান ইউটার্ন নেওয়ার সময় দ্রুতগতির একটি বাস এসে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা কয়েকজন যাত্রী সড়কের ওপর ছিটকে পড়ে আহত হন।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, দুর্ঘটনার পর বাসচালক ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় সড়কে পড়ে থাকা এক যাত্রীর ওপর দিয়ে বাস তুলে দেয় ও গুরুতর আহত ওই নারী ঘটনাস্থলেই মারা যান বলে স্থানীয়রা জানান।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। তবে তাৎক্ষণিকভাবে নিহত নারীর পরিচয় জানা যায়নি। আহতদের নাম-পরিচয় ও তাদের বর্তমান অবস্থা জানার চেষ্টা চলছে।
স্থানীয়দের দাবি, দুর্ঘটনার পর বাসচালক ও তার সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। এ ঘটনায় বাসটির চালকের দায়িত্বহীনতা, অতিরিক্ত গতি এবং দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা নিয়ে প্রশ্ন উঠেছে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা দুর্ঘটনার বিষয়ে পুলিশের বক্তব্য জানতে চাইলে ত্রিশাল থানার সেকেন্ড অফিসার পলাশের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও অশালীন ভাষা ব্যবহারের অভিযোগ উঠেছে।
সাংবাদিকদের অভিযোগ, দুর্ঘটনার কারণ ও দায়ীদের বিষয়ে তথ্য জানতে চাইলে ওই পুলিশ কর্মকর্তা উত্তেজিত হয়ে পড়েন। এতে প্রশ্ন উঠেছে—একটি সড়ক দুর্ঘটনার বিষয়ে তথ্য জানতে চাওয়ায় পুলিশের একজন কর্মকর্তার এমন আচরণের কারণ কী?
স্থানীয়দের দাবি, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন, দায়ী চালককে শনাক্ত করে আইনের আওতায় আনা এবং বাসচালকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগও তদন্তের দাবি জানিয়েছেন তারা।
ঘটনাটি নিছক দুর্ঘটনা, নাকি চালকের বেপরোয়া গতি ও পরবর্তী কর্মকাণ্ডের কারণে হতাহতের ঘটনা আরও ভয়াবহ হয়েছে—তা তদন্তের মাধ্যমে স্পষ্ট করার দাবি উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের দায়-দায়িত্ব নির্ধারণে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা