চলতি বছরের প্রথম সাত মাসে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় শিশু নিখোঁজের ঘটনায় থানায় ৩১ হাজারের বেশি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। এর মধ্যে চার হাজারের বেশি শিশু এখনও নিখোঁজ রয়েছে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি জানায়, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত শূন্য থেকে ৯ বছর বয়সী শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭টি জিডি হয়েছে। এসব ঘটনায় দুই হাজার ৩৮ শিশুর এখনও সন্ধান পাওয়া যায়নি।
অন্যদিকে, ১০ থেকে ১৭ বছর বয়সী শিশু নিখোঁজের ঘটনায় একই সময়ে ১৫ হাজার ২৪৩টি জিডি করা হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ২৭৩ জনকে উদ্ধার করা সম্ভব হলেও এক হাজার ৯৭০ শিশুর এখনও সন্ধান মেলেনি।
মহিলা পরিষদ বলছে, বাড়ির সামনে খেলতে গিয়ে, স্কুল থেকে ফেরার পথে, বিভিন্ন ধরনের প্রলোভনের শিকার হয়ে কিংবা অপরিচিত স্থানে গিয়ে পথ হারানোর কারণে অনেক শিশু নিখোঁজ হচ্ছে।
দীর্ঘদিন নিখোঁজ থাকা শিশুরা পাচারকারী চক্রের হাতে পড়ছে কি না কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে কি না, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি। তাদের মতে, আকস্মিকভাবে শিশু নিখোঁজের ঘটনা দেশের সামাজিক নিরাপত্তার ঘাটতিও স্পষ্ট করছে।
বিবৃতিতে মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু নিখোঁজ শিশুদের উদ্ধারে প্রশাসনের কার্যকর নজরদারি ও দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে শিশু নিখোঁজের সঙ্গে জড়িত অপরাধী চক্রকে শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।