September 8, 2026, 9:41 am

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

প্রতিনিধি:

নারায়ণগঞ্জ জেলার নবনিযুক্ত পুলিশ সুপার মো. হাবিবুর রহমান দায়িত্ব গ্রহণের পর জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার দুপুরে তিনি জেলা প্রশাসকের কার্যালয় ও বিজ্ঞ আদালত প্রাঙ্গণে পৃথকভাবে সাক্ষাৎ করেন। এ সময় নারায়ণগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়।

পুলিশ সুপার মো. হাবিবুর রহমান প্রথমে সাক্ষাৎ করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির এর সঙ্গে। এরপর তিনি সাক্ষাৎ করেন বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ এবং বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে. এম. মহিউদ্দীন এর সঙ্গে।

সৌজন্য সাক্ষাৎকালে নারায়ণগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, বিচারিক ও প্রশাসনিক কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা, আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং নাগরিক সেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনায় বক্তারা বলেন, সমন্বিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও পেশাদারিত্বের মাধ্যমে নারায়ণগঞ্জের জনগণের নিরাপত্তা ও জনসেবাকে আরও কার্যকর ও জনবান্ধব করা সম্ভব।

পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও বিচার বিভাগের সঙ্গে নিবিড় সমন্বয়ের কোনো বিকল্প নেই। সকলের সহযোগিতায় নারায়ণগঞ্জকে একটি নিরাপদ ও বাসযোগ্য জেলা হিসেবে গড়ে তুলতে আমরা অঙ্গীকারবদ্ধ।

এদিকে নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নারায়ণগঞ্জের উপপরিচালক মোহাম্মদ মামুন এবং জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট মো. হেলাল উদ্দীন।

সাক্ষাৎকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা