September 22, 2026, 5:46 am

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮৮, মাদক উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকবিরোধী অভিযান জোরদার এবং সম্ভাব্য অস্থিতিশীলতা ঠেকাতে নারায়ণগঞ্জে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। এ অভিযানে কার‌্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের পাঁচ সদস্য, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ মোট ৮৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) দিনব্যাপী জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।

পুলিশ জানায়, অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ও পরোয়ানাভুক্ত ৩২ জন, নিষিদ্ধ সংগঠনের পাঁচ সক্রিয় সদস্য, একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং ৬৫ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানের সময় নারায়ণগঞ্জ সদর থানা এলাকা থেকে সাত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সবচেয়ে বেশি ৪৭ জনকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। তাদের মধ্যে ৪২ জনই মাদকসেবী।

এ ছাড়া নারায়ণগঞ্জ সদর থানা এলাকায় ইয়াবাসহ ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। রূপগঞ্জে নিষিদ্ধ সংগঠনের দুই সদস্য ও মাদকসেবীসহ ১৪ জন, সোনারগাঁওয়ে নয়জন, বন্দরে দুজন, সিদ্ধিরগঞ্জে দুজন এবং আড়াইহাজারে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, জেলার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। কোনো ধরনের অস্থিতিশীলতা বা অপরাধমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না।

তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে। জনস্বার্থে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা