নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচনে আইন অনুযায়ী যোগ্য ব্যক্তিরাই প্রার্থী হওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে নির্বাচনী প্রশিক্ষণ কোর্সে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, ‘আইন অনুযায়ী যারা যোগ্য হবেন, তারাই নির্বাচন করতে পারবেন।’
স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পর্কে এএমএম নাসির উদ্দিন বলেন, জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও গ্রহণযোগ্য ও সুষ্ঠুভাবে আয়োজন করা হবে। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে।
তিনি বলেন, সুন্দর ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পুলিশের সাংবিধানিক ও আইনি দায়িত্ব রয়েছে। নির্বাচনের ক্ষেত্রে কোনো ধরনের বেআইনি নির্দেশনা দেওয়া হবে না।
সিইসি আরও বলেন, নির্বাচনকে ঘিরে মানুষের মধ্যে আস্থা ফিরে এসেছে। পুলিশের ওপর নির্বাচন কমিশনের আস্থা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, জাতীয় নির্বাচনের তুলনায় বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো।