বলিউড অভিনেত্রী নিকিতা রাওয়াল সম্প্রতি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হয়েছেন। ৮ আগস্ট ভারতের মুম্বাইয়ে আয়োজিত ‘ব্রাইট ওটিটি অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডস’-এর রেড কার্পেটে এ ঘটনা ঘটে।
ঘটনার সময় নিকিতা পাপারাজ্জিদের সামনে ছবি তুলছিলেন। এ সময় এক নারী ভক্ত সেলফি তোলার অনুরোধ জানালে, নিকিতা সাড়া দেন। সেলফি তোলার পর ওই নারী নিকিতার গালে এবং পরে ঠোঁটে চুমু দেন। নিকিতা এ ঘটনায় অবাক হয়ে যান এবং ভক্তকে থামানোর চেষ্টা করেন।
এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই এটি ব্যক্তিগত স্বাধীনতা ও সম্মতির লঙ্ঘন হিসেবে দেখছেন। তারা মনে করেন, তারকা হলেও কাউকে অনুমতি ছাড়া স্পর্শ করা উচিত নয়।
নিকিতা সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, “আমি কোনো ভুল কিছু করিনি” এবং ভক্তদের সমর্থনের জন্য ধন্যবাদ জানান।
নিকিতা রাওয়াল হিন্দি ও দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং ২০১২ সালে তেলুগু চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয়জীবন শুরু হয়। আগামীতে তিনি ‘রুটি কাপড়া অউর রোমান্স’ সিনেমায় অভিনয় করবেন।