August 12, 2026, 2:57 pm

৩৪ জুলাইয়ের গণ-অভ্যুত্থান: শেখ হাসিনার পদত্যাগের দাবি

৩৪ জুলাইয়ের গণ-অভ্যুত্থান: শেখ হাসিনার পদত্যাগের দাবি

২০২৪ সালের ৩ আগস্ট, জুলাই গণ-অভ্যুত্থানের একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে চিহ্নিত হয়। কোটা সংস্কার আন্দোলন তখন সরকারবিরোধী গণআন্দোলনে রূপ নিয়েছিল। সেদিন দেশে সংঘর্ষ, প্রাণহানি ও ধরপাকড় চলছিল। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য গণভবনের দরজা খোলা রাখার ঘোষণা দেন। তবে আন্দোলনকারীরা সেই আহ্বান প্রত্যাখ্যান করে এক দফা দাবিতে সরকার পতনের কর্মসূচি ঘোষণা করেন।

সেদিন বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম এক দফা দাবি তুলে ধরেন। তিনি বলেন, ‘মানুষের জীবনের নিরাপত্তা ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আমাদের এক দফা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ এই সরকারের পতন এবং ফ্যাসিবাদের বিলোপ।’ সমাবেশ থেকে হত্যাকাণ্ড ও অপহরণের ঘটনায় দায়ীদের বিচার দাবি করা হয়।

সকালবেলা গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের নেতাদের সঙ্গে বৈঠকে শেখ হাসিনা বলেন, ‘গণভবনের দরজা খোলা। আমি আন্দোলনরত ছাত্রদের সঙ্গে বসতে চাই এবং তাদের কথা শুনতে চাই। আমি কোনো সংঘাত চাই না।’ কিন্তু আন্দোলনের নেতারা সেই আহ্বান প্রত্যাখ্যান করেন।

বৃষ্টির মধ্যেও কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের সড়কে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জড়ো হন। তারা ‘দফা এক, দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ’সহ নানা স্লোগান দেন। আন্দোলনের আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ ১৫ দফা নির্দেশনা ঘোষণা করেন, যার মধ্যে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রাখা এবং প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স না পাঠানোর আহ্বান ছিল।

সেদিন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ‘জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যেকোনো প্রয়োজনে সেনাবাহিনী সব সময় জনগণের পাশে আছে এবং থাকবে।’ অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার চালিয়ে একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্র আন্দোলন গণজাগরণে পরিণত হয়েছে। রাজধানীসহ বিভিন্ন জেলায় আন্দোলনকারীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। কুমিল্লায় আন্দোলনকারীদের ওপর গুলির ঘটনায় কয়েকজন আহত হন। চট্টগ্রামে তৎকালীন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বাসভবন ও আওয়ামী লীগের নেতার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা