July 24, 2026, 8:36 pm

শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দিতে বাড়ি থেকে পালাচ্ছেন তরুণরা

শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দিতে বাড়ি থেকে পালাচ্ছেন তরুণরা

ভারতে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ‘ককরোচ জনতা পার্টির’ গণআন্দোলনে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থী ও তরুণরা দিল্লিতে পৌঁছেছেন। অনেকেই পরিবারের আপত্তির আশঙ্কায় কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে এসেছেন।

সোমবারের ‘চলো সংসদ’ আন্দোলনের পর যন্তর মন্তরে দেখা যাচ্ছে হৃদয়স্পর্শী নানা চিত্র। মুম্বাই এবং প্রয়াগরাজ থেকে আসা বেশ কয়েকজন কিশোর-তরুণ পরিবারকে না জানিয়ে আন্দোলনে অংশ নিয়েছেন। ১৫ বছর বয়সী রাজ, যিনি প্রয়াগরাজ থেকে এসেছেন, জানান, তিনি বাড়ি থেকে পালিয়ে এসেছেন এবং পরিবারের টের পেলে তাকে আসতে দেওয়া হতো না।

প্রয়াগরাজের অন্য এক তরুণী তার পরিচয় লুকাতে মুখে মাস্ক ব্যবহার করছেন। তিনি জানান, তার পরিবার ক্ষমতাসীন বিজেপি দলের সমর্থক, তাই আন্দোলনে অংশ নেওয়ার বিষয়টি জানাজানি হলে তারা বিরোধিতা করবেন বলে আশঙ্কা করছেন।

মুম্বাই থেকে আসা এক কিশোরী জানিয়েছে, বাবা-মা তাকে বাড়ি ফিরতে বললেও তিনি নিজের অধিকারের জন্য লড়াই করতে চান। আন্দোলনকারীরা বিপ্লবি ভগত সিং, বি আর আম্বেদকর, চন্দ্রশেখর আজাদ, সাবিত্রীবাই ফুলে এবং জ্যোতিরাও ফুলের ছবি সামনে রেখে প্রতিবাদ করছেন।

সোমবার সংসদের দিকে মিছিল চলাকালে, সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ কালো ‘ইনকিলাব জিন্দাবাদ’ টি-শার্ট পরে বিক্ষোভকারীদের পাশে হাঁটেন। এ সময় হাজার হাজার তরুণ বিক্ষোভকারী একই স্লোগান দিচ্ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ১৯ বছর বয়সী রোহিনী কুমার নামে এক নিট পরীক্ষার্থীর খোঁজ চাওয়া হয়েছিল, যিনি ২০ জুলাই থেকে নিখোঁজ ছিলেন। পরে জানানো হয়, তাকে খুঁজে পাওয়া গেছে।

অন্যদিকে, সিলামপুরের ৩৩ বছর বয়সী এক আন্দোলনকারীর বন্ধু রিজওয়ান দাবি করেন, পুলিশ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে ওই ব্যক্তিকে আটক করে নিয়ে যায়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা