পাবনার ঈশ্বরদীতে অস্ত্রের মুখে চালক ও কর্মচারীদের জিম্মি করে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাতে উপজেলার পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইলে লালন শাহ সেতু সংযোগ সড়ক সংলগ্ন এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাতি হওয়া ঝুটগুলো ঈশ্বরদী ইপিজেডের ‘আই এইচ এন’ নামক একটি চীনা পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানের। ঘটনার পর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ গভীর রাতে অভিযান চালিয়ে অপহৃত চালক ও মালামালসহ ট্রাক দুটি উদ্ধার করেছে।
পাবনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ পরিদর্শক রাশেদুল ইসলাম জানান, ঘটনাটি মূলত একটি সংগঠিত ডাকাতি। ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র চক্র এতে অংশ নেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর অপরাধীরা প্রাইভেটকারে পালিয়ে গেলেও তাদের নাম-পরিচয় শনাক্ত করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ঈশ্বরদী ইপিজেড থেকে ঝুটবোঝাই ৬টি ট্রাক বের হয়। রাত ৯টার দিকে পাকশীর দিয়াড় বাঘইল তেলপাম্প সংলগ্ন একটি ওজন স্কেলে পরিমাপের সময় সশস্ত্র যুবকরা সেখানে চড়াও হয় এবং ট্রাকচালক, হেলপার ও স্কেলের কর্মচারীদের মারধর করে দুটি ট্রাক ডাকাতি করে নিয়ে যায়।
এ ঘটনায় পাকশীর যুক্তিতলা গ্রামের জিয়াউল হাসান বিপ্লব বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে ঈশ্বরদী থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেছেন। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, পুরো ঘটনাটির মূল তদন্ত পাবনা জেলা গোয়েন্দা পুলিশ পরিচালনা করছে এবং জড়িত আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।