যৌন অসদাচরণের অভিযোগের তদন্ত চলাকালীন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সাল্ক ইনস্টিটিউট থেকে পদত্যাগ করেছেন ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী ড. সচিদানন্দ (সাচিন) পান্ডা। তিনি ২২ বছর ধরে এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন এবং আগামী ১৩ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ছাড়বেন।
পঞ্চাশোর্ধ্ব পান্ডা সম্প্রতি প্রশাসনিক ছুটিতে ছিলেন। তার গবেষণাগারে কর্মরত এক নারী গবেষণা সহকারী কর্মক্ষেত্রে অসদাচরণের অভিযোগ আনার পর সাল্ক ইনস্টিটিউট তদন্ত শুরু করে। চলতি বছরের মার্চ মাসে ওই নারী আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, অভিযোগকারীকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে এবং বিষয়টি দ্রুত, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গভাবে তদন্ত করা হচ্ছে।
অভিযোগকারী নারীর নাম প্রকাশ করা হয়নি। পরে তিনি স্বেচ্ছায় প্রতিষ্ঠান ছেড়ে চলে গেছেন বলে জানা গেছে। সাচিন পান্ডা সব অভিযোগ অস্বীকার করেছেন এবং তিনি একটি ই-মেইলে বলেন, তার গবেষণা দল এবং প্রতিষ্ঠানে সবার জন্য নিরাপদ ও পেশাদার পরিবেশ বজায় রাখতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।
প্রতিবেদনে বলা হয়, এটি পান্ডার বিরুদ্ধে সাল্ক ইনস্টিটিউটের দ্বিতীয় তদন্ত। প্রায় আট বছর আগে একই প্রতিষ্ঠানের আরেক ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী ইন্দর ভার্মাও যৌন হয়রানির অভিযোগে পদত্যাগ করেছিলেন।
পদত্যাগের কারণ হিসেবে সাচিন পান্ডা সহকর্মীদের কাছে পাঠানো এক ই-মেইলে বলেছেন, তিনি এখন গবেষণার নতুন অধ্যায় শুরু করতে চান। সার্কাডিয়ান রিদম নিয়ে সাম্প্রতিক গবেষণার অগ্রগতি মানুষের স্বাস্থ্যে কী প্রভাব ফেলছে, সে বিষয়ে একটি বই লেখার পরিকল্পনা করছেন তিনি।