প্রযুক্তিময় বিশ্বে স্মার্টফোন এখন জীবনের অবিচ্ছেদ্য অংশ। নতুন ফোনের দাম বাড়তে থাকায় অনেকেই সেকেন্ডহ্যান্ড বা পুরোনো ফোন কেনার দিকে ঝুঁকছেন। খরচ বাঁচানো, বন্ধ হয়ে যাওয়া প্রিয় মডেল পাওয়া কিংবা নতুন ফোনে অভ্যস্ত হওয়ার আগে ব্যবহার করে দেখা—সব মিলিয়ে এটি এখন অনেকের জন্য আকর্ষণীয় বিকল্প।
তবে পুরোনো ফোন কেনা সবসময় লাভজনক নাও হতে পারে। অসতর্কতার কারণে প্রতারণার শিকার হওয়া কিংবা টেকসই না হওয়া ডিভাইস কিনে হতাশ হওয়ার আশঙ্কা থাকে। তাই কেনার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় যাচাই করা জরুরি।
পুরোনো ফোন কেনার আগে প্রথমে ফোনটি হাতে নিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করুন। স্ক্রিনে দাগ, ফাটল বা ডেন্ট আছে কিনা দেখুন। সব বোতাম, চার্জিং পোর্ট ও স্পিকার ঠিকভাবে কাজ করছে কিনা যাচাই করুন।
ফোনটি কত বছর আগে বাজারে এসেছে, তা জেনে নিন। অনেক পুরোনো মডেল সফটওয়্যার আপডেট না পাওয়ায় নিরাপত্তা ও পারফরম্যান্সে সমস্যা তৈরি করতে পারে। এছাড়া, ব্যাটারির অবস্থা, চার্জ ধরে রাখার ক্ষমতা এবং দীর্ঘ ব্যবহারে তা কতটা ক্ষয় হয়েছে, সে তথ্যও জেনে নিন।
ফোনটি আনলকড কিনা বা আপনার ব্যবহৃত মোবাইল অপারেটরের নেটওয়ার্কে চলবে কিনা, তা যাচাই করুন। আইএমইআই নম্বর চেক করে নিশ্চিত হোন সেটি চুরি করা নয়। ফোনের মেমোরি বা স্টোরেজ আপনার প্রয়োজন অনুযায়ী যথেষ্ট কিনা দেখুন।
একই মডেলের ফোনের দাম বিভিন্ন বিক্রেতার কাছ থেকে জেনে তুলনা করুন। পুরোনো ফোন বিশ্বস্ত দোকান বা অনলাইন প্ল্যাটফর্ম থেকে কেনার চেষ্টা করুন। বিশেষজ্ঞদের মতে, সচেতন সিদ্ধান্ত নিলে পুরোনো ফোন কেনা হতে পারে একটি সাশ্রয়ী ও বুদ্ধিদীপ্ত পছন্দ।