ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে হাইওয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। তিনি বলেন, মহাসড়কে যানজট কমাতে হাইওয়ে পুলিশ আসলে কী দায়িত্ব পালন করছে, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে।
বুধবার (২২ জুলাই) সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি মান্নান জানান, কাঁচপুর সেতুর পর থেকে বিভিন্ন স্থানে গাড়ি থামিয়ে রাখা হচ্ছে, যার ফলে সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় তীব্র যানজট সৃষ্টি হচ্ছে।
তিনি জনগণের স্বার্থে হাইওয়ে পুলিশের দায়িত্ব সঠিকভাবে পালনের আহ্বান জানান এবং বলেন, কার্যকর পদক্ষেপ না নিলে হাইওয়ে পুলিশকে কঠোর ব্যবস্থার মুখোমুখি হতে হবে।
এছাড়া, অবৈধ চুনা কারখানার বিষয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে সতর্ক করে তিনি বলেন, শুধু লোক দেখানো অভিযান চালালে হবে না। ভবিষ্যতে অবৈধ কারখানার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সোনারগাঁ থানার সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রশংসা করে তিনি জানান, গত এক মাসে পুলিশ ভালো কাজ করেছে এবং মাদকের বিস্তারও কমেছে। তবে পুলিশকে আরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।