চট্টগ্রামের কর্ণফুলী টানেল থেকে প্রতি মাসে আদায় হওয়া টোলের পরিমাণ পরিচালনা ও রক্ষণাবেক্ষণের ব্যয়ের প্রায় দ্বিগুণ বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাতের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী জানান, টানেল থেকে মাসিক গড়ে ৩ কোটি ৩৬ লাখ ৫১ হাজার ৯০০ টাকা টোল আদায় হলেও পরিচালনা ও রক্ষণাবেক্ষণে ব্যয় হচ্ছে ৬ কোটি ৯৫ লাখ ১৮ হাজার ৬৯১ টাকা। টানেলের ভেতরে বিদ্যুৎ সরবরাহ, আলোকসজ্জা, বায়ু চলাচল ব্যবস্থা, অগ্নিনিরাপত্তা, সিসিটিভি এবং ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা পরিচালনার জন্য ব্যয় তুলনামূলক বেশি হচ্ছে।
তিনি আরও জানান, টানেল চালুর পর প্রথমদিকে দৈনিক ব্যয় ছিল প্রায় ৩৭ লাখ টাকা, যা বর্তমানে ২২ থেকে ২৩ লাখ টাকায় নামিয়ে আনা সম্ভব হয়েছে। টানেলকে লাভজনক করতে সরকারের বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে।
এছাড়া, রাজধানীর যানজট নিরসনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুরের শিববাড়ী পর্যন্ত ২০ দশমিক ৫ কিলোমিটার বিআরটি (বাস র্যাপিড ট্রানজিট) প্রকল্পের দ্রুত চালুর পরিকল্পনা রয়েছে। গণপরিবহনে জিপিএস স্থাপনের উদ্যোগও নেওয়া হয়েছে।
মন্ত্রী জানান, ফিটনেসবিহীন যানবাহন নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষার জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে।