July 10, 2026, 6:18 pm

জামালপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, এমপি-সম্পাদকের গাড়ি ভাঙচুর

মোহাম্মদ আসাদ-স্টাফ রিপোর্টার :

জামালপুরের ইসলামপুরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১০জুলাই) সন্ধ্যায় উপজেলার থানার মোড়ে জেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গণে এই ঘটনা ঘটে।

সংঘর্ষে জামালপুর-২ আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবু এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, বেশ কয়েকদিন ধরে এমপি বাবু ও সাধারণ সম্পাদক নবাবের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল চলছিল। সন্ধ্যায় দুজনই ডাকবাংলোর দ্বিতীয় তলায় অবস্থান নেওয়ার সময় নিচে তাদের কর্মী-সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এতে দুই নেতার গাড়িসহ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং রাত ৮টার দিকে এমপিকে উদ্ধার করে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এ ঘটনার পর পুরো ইসলামপুরজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে একাধিকবার ফোন দিলেও সাড়া দেননি সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব।

এমপি সুলতান মাহমুদ বাবু সাংবাদিকদের বলেন, নতুন ইউএনও’র সঙ্গে কথা বলার সময় একদল দুষ্কৃতকারী তার গাড়ি ভাঙচুর করেছে এবং দ্রুত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান বলেন, এমপি ও সম্পাদক নবাবের গাড়িসহ মোট তিনটি গাড়ি এবং কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে বলে জানান তিনি

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা