July 10, 2026, 6:18 pm

প্রাথমিক বৃত্তির ফল ফাঁসের ঘটনায় কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত

প্রাথমিক বৃত্তির ফল ফাঁসের ঘটনায় কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের আগেই অনলাইনে ফাঁস হওয়ার ঘটনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েসকে সাময়িক বরখাস্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

শুক্রবার (১০ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব সাখাওয়াৎ হোসেনের সই করা প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফলাফল যথাযথ কর্তৃপক্ষ প্রকাশের আগে ওয়েবপোর্টালে আপলোডের সময় নির্ধারিত নিরাপত্তা প্রটোকল অনুসরণ না করায় তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ আনা হয়েছে।

৯ জুলাই ২০২৬ থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৯ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মাহবুবা আইরিনের সই করা অফিস আদেশে ঘটনাটি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিলকে।

৮ জুলাই প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফলাফল চূড়ান্ত করা হয়। ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় ওয়েব লিংক তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল মো. মেহতাব কায়েসকে। তাকে ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগে ওয়েবপোর্টালে আপলোড না করার নির্দেশনা দেওয়া হলেও ৯ জুলাই সকালে ঢাকা বিভাগের নয়টি জেলার ফলাফল সংশ্লিষ্ট লিংকে আপলোড করা হয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা