May 6, 2026, 7:32 am

হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণা ট্রাম্পের

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে সহায়তার লক্ষ্যে চালু করা ‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৫ মে) এ সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বলেন, ইরানের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তির অগ্রগতি বিবেচনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।এর কয়েক ঘণ্টা আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপসাগরে আটকে পড়া তেলবাহী জাহাজগুলোকে নিরাপদে বের করে আনতে সোমবার শুরু হওয়া এ কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন।

সংঘাত শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কার্যত ব্যাহত রয়েছে, যা বৈশ্বিক তেল সরবরাহের বড় অংশে প্রভাব ফেলেছে এবং জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ অল্প সময়ের জন্য স্থগিত রাখা হচ্ছে, যাতে সম্ভাব্য চুক্তিটি চূড়ান্ত করা যায়।

তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ট্রাম্পের ঘোষণার পরপরই মার্কিন অপরিশোধিত তেলের ফিউচার প্রায় ২ দশমিক ৩০ ডলার কমে ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে নেমে আসে।

এদিকে, কী ধরনের অগ্রগতি হয়েছে বা স্থগিতাদেশ কতদিন থাকবে এ বিষয়ে হোয়াইট হাউস বিস্তারিত কিছু জানায়নি।

এর আগে রুবিওসহ যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা বলেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের হাতে ছেড়ে দেওয়া হবে না।

মাইন, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহারের হুমকির মাধ্যমে ইরান প্রণালিতে চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ রয়েছে। এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের কিছু বন্দর অবরোধ করেছে এবং বাণিজ্যিক জাহাজ চলাচলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

সূত্র: রয়টার্স

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা