সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পকে ‘হারু’ বলে আখ্যা দিয়ে তাঁর প্রশাসনকে অযোগ্য ও দুর্নীতিগ্রস্ত বলে অভিযোগ করেছেন। শনিবার মেরিল্যান্ডের হ্যানোভারে ডেমোক্রেটিক পার্টির আয়োজিত গালা অনুষ্ঠানে তিনি ট্রাম্পের প্রশাসনের বিভিন্ন উদ্যোগের সমালোচনা করেন।
বাইডেন বলেন, ট্রাম্প প্রশাসন একটি বিজয়তোরণ নির্মাণের পরিকল্পনা করেছে এবং লিংকন মেমোরিয়ালের প্রতিফলন পুকুর সংস্কারে ১ কোটি ৪৭ লাখ ডলারের প্রকল্প শৈবালের বিস্তারের কারণে প্রশ্নের মুখে পড়েছে। তিনি বলেন, এগুলো ট্রাম্পের ‘আত্মতৃপ্তির প্রকল্প’ নয়, বরং বড় সমস্যার প্রতিফলন।
বাইডেন আরও অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসন ২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটল হামলায় দণ্ডিত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, ‘এটা হলো দুর্নীতি, প্রকাশ্য ও নির্লজ্জ দুর্নীতি। আমেরিকার ইতিহাসে কোনো প্রশাসনে এত বড় মাত্রার দুর্নীতি আগে দেখা যায়নি।’
বাইডেন ট্রাম্পের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্পর্ক নিয়েও সমালোচনা করেন। তিনি ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার হামলার প্রসঙ্গ তোলেন এবং ট্রাম্পের ন্যাটো জোটকে দুর্বল করার চেষ্টা নিয়ে অভিযোগ করেন।
এদিকে, বাইডেনের পরিবারের সদস্যদের রাজনৈতিক অঙ্গনে উপস্থিতি বাড়ছে। সাবেক ফার্স্ট লেডি জিল বাইডেন তাঁর স্মৃতিকথা প্রকাশ করেছেন এবং বাইডেনের ছেলে হান্টার বাইডেন সামাজিক যোগাযোগমাধ্যমে আত্মসমালোচনামূলক পোস্ট করে নতুন অনুসারী অর্জন করেছেন।