বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান দেশের পল্লী স্বাস্থ্য কেন্দ্র থেকে মেডিকেল বিশ্ববিদ্যালয় পর্যন্ত রোগীদের মেঝেতে শুয়ে থাকার দৃশ্যকে অত্যন্ত লজ্জাজনক বলে অভিহিত করেছেন। তিনি বলেন, বর্তমান স্বাস্থ্য খাত কপি অ্যান্ড পেস্ট ও জোড়াতালির নীতিতে চলছে এবং হাসপাতালের মান ফিরিয়ে আনা এখন সবচেয়ে বড় জরুরি।
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি দেশের অর্থনৈতিক সংকট, দুর্নীতি, শিক্ষা ও স্বাস্থ্য খাতের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ডা. শফিকুর রহমান বলেন, বাজেট ইনসাফভিত্তিক হওয়া উচিত, যেখানে পিছিয়ে পড়া মানুষের অধিকারকে অগ্রাধিকার দেওয়া হবে। তিনি দুর্নীতি ও জবাবদিহিতার অভাবকে উন্নয়নের প্রধান বাধা হিসেবে চিহ্নিত করেন।
শিক্ষা ব্যবস্থার অবস্থা নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, দেশে অসংখ্য পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় থাকা সত্ত্বেও বিশ্ব র্যাংকিংয়ে আমাদের কোনো সম্মানজনক অবস্থান নেই। কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দের অভাব নিয়ে তিনি গভীর উদ্বেগ জানান।
অর্থনৈতিক সংস্কার ও রাজস্ব আদায়ের বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, সরকার যদি সৎ হয়, তবে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি রাজস্ব আদায় সম্ভব। তিনি ব্যবসায়ীদের করের বিষয়ে আশ্বস্ত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার জন্য দ্রুত আইনি চুক্তি করার তাগিদ দেন এবং বলেন, দেশের স্বার্থে বিরোধী দল হিসেবে আন্তর্জাতিক সহযোগিতায় প্রস্তুত আছেন।